সংবাদদাতা, অন্ডাল :
ভ্যাকসিন না দেওয়ায় ছড়ালো বিশৃঙ্খলা । শুক্রবার ঘটনাটি ঘটে অন্ডালের মদনপুর পঞ্চায়েতের বাসকা উপস্বাস্থ্য কেন্দ্রে । শনিবার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিকর্তা ।
স্থানীয় সূত্রে জানা যায়, মদনপুর পঞ্চায়েতের বাসকা উপ-স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার ভ্যাকসিন দেওয়া হবে এই খবরে সকাল থেকে স্বাস্থ্যকেন্দ্রে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা । এগারোটা নাগাদ স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে এসে জানান আজ করোনার ভ্যাকসিন দেওয়া হবে না । এরপরই উত্তেজনা ছড়ায় স্বাস্থ্যকেন্দ্র চত্বরে । তৈরি হয় বিশৃঙ্খলা । স্বাস্থ্যকর্মীদের সাথে বচসা বেধে যায় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনের । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অন্ডাল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) সুদীপ্ত বিশ্বাস । তার হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি । স্বাস্থ্যকর্মীরা তাদের সাথে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ স্থানীয়দের ।
যদিও অভিযোগ অস্বীকার করেন স্বাস্থ্যকর্মীরা । ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমএইচও পরিতোষ সোরেন জানান আজ স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের টিকা করন দেওয়া হচ্ছে । করোনার টিকা নয়, ভুল বোঝাবুঝিতেই এরকম পরিস্থিতি বলে জানান তিনি । বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন শনিবার করোনার টিকা দেওয়া হবে । আজ যারা টিকা নিতে এসেছিল তাদের নাম নথিভুক্ত করা হয়েছে ।


