উলুবেড়িয়া স্টেশন মাস্টারকে ডেপুটেশন,



নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া,

করোনার পরিস্থিতির কারণে দীর্ঘদিন দক্ষিণ- পূর্ব রেলওয়ে বিভাগে  স্বাভাবিক ট্রেন চলাচল বন্ধ থাকায় অফিস যাত্রী, পরিচারিকা, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী হকার সহ সাধারন মানুষ অত্যন্ত অসুবিধা ভোগ করছিল।



 লোকাল ট্রেন চালু করে এই অসুবিধা দূর করার দাবিতে "নাগরিক প্রতিরোধ মঞ্চ" -এর পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে লাগাতার বিক্ষোভ প্রদর্শন, ডেপুটেশন, সই সংগ্রহ চালিয়ে যাওয়া হচ্ছিল বেশ কিছুদিন ধরে। এতেও কাজ না হওয়ায় অবিলম্বে ট্রেন চালু করার দাবি জানিয়ে গত ২৫শে অক্টোবর খড়্গপুরে ডিআরএম দপ্তরে বিক্ষোভ ও গনডেপুটেশন দেওয়া হয় নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ হতে।



 দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (জি.এম) এর কাছে চিঠিও পাঠানো হয় নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষহতে। দাবি মেনে ট্রেন চালু হওয়ায় যাত্রীসাধারণ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কিন্তু লকডাউন এর সুযোগে রেলের বিভিন্ন ক্ষেত্রে যেভাবে ভাড়া ও নানান চার্জ বাড়ানো হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে এবং রেলসহ দেশের সামগ্রিক বেসরকারীকরণ এর বিরুদ্ধে যাত্রীসাধারণ প্রতিবাদ গড়ে তোলার প্রয়োজন অনুভব করছে। 



 এই প্রতিবাদ আন্দোলনকে সংগঠিত করার উদ্দেশ্যে- দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে "নাগরিক প্রতিরোধ মঞ্চে"র কমিটি গড়ে উঠেছে। এই কমিটিগুলির সম্মিলিত উদ্যোগে নাগরিক প্রতিরোধ মঞ্চের দক্ষিণ- পূর্ব রেলওয়ে শাখা কমিটি গঠন করা এবং সমস্ত ট্রেন চালু, ট্রেনের সময়সূচীর বিন্যাস সহ আরো কিছু দাবি আদায়ের লক্ষ্যে- আগামী ১৪ই নভেম্বর, রবিবার মেছেদায় বিদ্যাসাগর হলে বিকেল ৩টায় একটি কনভেনশনের আহ্বান করা হয়েছে। এই কনভেনশনকে সফল করতে এবং অবিলম্বে উলুবেড়িয়া লোকাল এর সংখ্যা বাড়ানোর দাবিতে  আজ ৬ই নভেম্বর সকাল থেকে উলুবেড়িয়া স্টেশনে প্রচার সভা ও স্বাক্ষর সংগ্রহ করা হয়। এই সংগৃহীত স্বাক্ষর নিয়ে দুপুর ১২টার সময় উলুবেড়িয়া স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হয়।



 ডেপুটেশনে নেতৃত্ব দেন উলুবেড়িয়া নাগরিক মঞ্চের পক্ষে নিখিল বেরা, সুখেন মন্ডল ও জয়ন্ত খাটুয়া। এছাড়াও এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাগরিক প্রতিরোধ মঞ্চের অন্যতম নেতা মধুসূদন বেরা ও সরোজ মাইতি। এই স্বাক্ষর সংগ্রহ অভিযানে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।                   

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...