প্যাসেঞ্জার ট্রেনকে এক্সপ্রেস করে ভাড়া বাড়ানো, যাত্রীদের প্রয়োজন অনুযায়ী ট্রেনের সময়সূচী নির্ধারণ, রেলের বেসরকারিকরণ রোধ সহ বিভিন্ন দাবি নিয়ে আজকে মেছাদা বিদ্যাসাগর হলে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হল। কনভেনশনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ, নাগরিক প্রতিরোধ মঞ্চের পশ্চিমবঙ্গ শাখার আহ্বায়ক ডাক্তার তরুণ মণ্ডল। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট নাগরিক অরূপ রতন সাহা, সুরঞ্জন মহাপাত্র, অনুপ সরকার, দেবদুলাল ঘোড়াই প্রমুখ।
সভা পরিচালনা করেন মধুসূদন বেরা। সভায় মধুসূদন বেরাকে সভাপতি, সুরঞ্জন মহাপাত্র ও সরোজ মাইতিকে যুগ্ম সম্পাদক করে ৭০ জনের একটি শক্তিশালী কমিটি গঠিত হয় ।
ডাক্তার তরুণ মণ্ডল রেলের বেসরকারিকরণ সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের সামগ্রিক আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এই সভায় বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন বক্তাদের মধ্য দিয়ে রেলের নানান সমস্যা উঠে আসে। আগামী দিনে এই সমস্যাগুলিকে ভিত্তি করে আবার রেলের ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হবে এবং রেল সংক্রান্ত যে কোন সমস্যা নিয়ে কমিটি আন্দোলন গড়ে তুলবে এই কথা জানান সম্পাদকদ্বয়।



