সংবাদদাতা, জামুরিয়া :
পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল জামুড়িয়া শিল্প তালুকের ইকড়া এলাকা । রবিবার সন্ধ্যায় একাটি স্পঞ্জ আয়রন কারখানার গেটের সামনে মালবাহী ট্রাক একটি মোটর বাইকে ধাক্কায় মারলে মোটর বাইক থাকা এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয় । মৃতের নাম কৌশিক চক্রবর্তী ।
কৌশিক রানীগঞ্জের গির্জা পাড়ার বাসিন্দা এবং জামুড়িয়ার একটি বেসরকারি কারখানাতে কর্মরত ছিল বলে জানা গিয়েছে । দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ভিড় করেন কারখানার গেটের সামনে । উত্তেজিত জনতা একাধিক গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । স্থানীয়দের অভিযোগ রাস্তার দু'ধারে কারখানার পণ্যবাহী লরি দাঁড় করিয়ে রাখার ফলেই বারবার এধরনের দুর্ঘটনা ঘটছে । স্থানীয়রা কারখানার গেটের সামনে প্রতিবাদ জানালে কারখানার ভেতর থেকে তাদের উপর ইটপাটকেল ছোড়া হয় বলে অভিযোগ ।
কারখানার নিরাপত্তারক্ষীরা তাদেরকে লাঠি দিয়ে মারধর করে বলেও অভিযোগ স্থানীয়দের । এতে উত্তেজনা আরো বাড়ে । আশপাশ এলাকার প্রচুর সংখ্যক মানুষ জড়ো হন । প্রায় দশটিরও বেশি লরি ভাঙচুর করা হয় । জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিশ । কারখানার আধিকারিক সরোদ শারাফ জানান তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন । স্থানীয়দের মারধর করার ঘটনায় কারখানার কেউ জড়িত নয় বলেও জানান তিনি ।


