সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :
শুক্রবার সকালে ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রাস্তার পাশ থেকে উদ্ধার হয় একটি মৃতদেহ । পুলিশ দেহটি উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে । খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের ।
স্থানীয় সূত্রে জানা যায়, পাণ্ডবেশ্বর এর 60 নম্বর জাতীয় সড়কের একটি বেসরকারি বিএড কলেজ সংলগ্ন রাস্তার পাশে শুক্রবার সকালে পড়ে থাকতে দেখা যায় একটি মৃতদেহ ।
দেহটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির বলে স্থানীয়দের অনুমান । মৃতের বয়স আনুমানিক 35 বছর । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । দেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে । মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানান । মৃতব্যক্তির পরিচয় ও মৃত্যু-র কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান পাণ্ডবেশ্বর থানার এক আধিকারিক ।

