সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :
সাতসকালে ধসের কারণে ফের আতঙ্ক ছড়ানো এলাকায় । সোমবার ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম ফুটবল মাঠ চত্বরে । দুর্ঘটনা এড়াতে ধসের জায়গাটির চারপাশে ফেন্সিং দেওয়া হয় ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নবগ্রাম ফুটবল মাঠে ধসের ঘটনা ঘটে ।
মাটি বসে যায় মাঠের বেশ কিছুটা অংশের । খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়ায় আতঙ্ক । সরোজমিনে দেখতে ঘটনাস্থলে আসেন ইসিএল সংস্থার বাকোলা কলিয়ারির আধিকারিক ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ । দুর্ঘটনা এড়াতে ধসের জায়গাটিতে মাটি ভরাট করে চারপাশে ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয় । স্থানীয় বাসিন্দা কাঞ্চন মুখোপাধ্যায় জানান দুর্গাপুজোর কয়েকদিন আগে নবগ্রাম মাঠ সংলগ্ন পঙ্খা ধাওড়া যাওয়ার রাস্তাটি ধসের কারণে বসে যায় । মাটির তলা থেকে অবৈজ্ঞানিক ভাবে কয়লা কাটার ফলে বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে দাবি কাঞ্চন বাবু-র । নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সতন সৌমন্ডল জানান খনি সম্প্রসারনের কাজের জন্য নবগ্রাম এলাকাটি বহুদিন আগে চিহ্নিত করেছে ইসিএল সংস্থা । মাটির তলা থেকে কয়লা কাটার কাজ চলছে ।
কিন্তু গ্রামের বাসিন্দাদের এখনো পুনর্বাসন দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি সংস্থা । অবিলম্বে পুনর্বাসন এর কাজ শুরু করার দাবি জানান সতন বাবু । পঞ্চায়েতের পক্ষ থেকেও এই দাবী সংশ্লিষ্ট সংস্থার কাছে জানানো হবে বলে জানান তিনি ।
বাসিন্দারা জানান নবগ্রামে এটি একমাত্র খেলার মাঠ । এই মাঠে খেলাধুলার পাশাপাশি সর্বজনীন দুর্গাপুজো হয় । কয়েকদিন আগেই মাঠের যে জায়গাটিতে মণ্ডপ তৈরি করা হয়েছিল সেখানেই এদিন ধসের ঘটনাটি ঘটে । ধসের কারণে খেলাধুলো পুজো এবার সব বন্ধ হবে বলে আশঙ্কা তাদের । নাম প্রকাশে অনিচ্ছুক ইসিএলের বাকোলা কোলিয়ারির এক আধিকারিক জানান ধসের খবর পাওয়া মাত্র মাটি ভরাট করে ফেন্সিং দিয়ে জায়গাটি ঘিরে দেওয়ার হয়েছে।পূনর্বাসনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক্তিয়ারভুক্ত বলে জানান তিনি ।


