উত্তরপ্রদেশের লখিমপুরে এলাকায় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর পুত্রের গাড়ির ধাক্কায় নৃশংস কৃষক হত্যার প্রতিবাদে উলুবেড়িয়ার ভক্তার মোড়ে আজ প্রতিবাদ সভা ও বিক্ষোভের কর্মসূচি পালন করল এস ইউ সি আই ( কমিউনিস্ট) দলের হাওড়া গ্রামীণ জেলা কমিটি।
এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য নিখিল বেরা ।
এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে নিখিলবাবু বলেন যে,"গত ৩ রা অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুরে মোদী সরকারের তিনটি কালা কৃষি আইন বাতিলের দাবিতে হাজার হাজার কৃষকের মিছিলের ওপর যোগী সরকারের পুলিশ নির্মমভাবে গুলি চালায়।
সেই গুলির আঘাতে ২ জন কৃষক এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীপুত্র আশীষ মিশ্র আন্দোলনরত কৃষকদের মিছিলের ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যায়।
এরফলে ঘটনাস্থলেই নিহত হন আরও ৪ জন কৃষক,পরে সব মিলিয়ে ৯ জন কৃষক মারা যান এবং ১৫ জন কৃষক অত্যন্ত আশঙ্কাজনকভাবে আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
এই ঘটনার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে।এস ইউ সি আই (সি) দলের কেন্দ্রীয় কমিটি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দেশজুড়ে আজ প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে।
পাশাপাশি পেট্রোল-ডিজেলের মুল্যবৃদ্ধি ও তাকে অজুহাত করে পরিবহনে ব্যাপক ভাড়াবৃদ্ধির প্রতিবাদে আজ রাজ্য কমিটি প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে ও পরিবহনমন্ত্রীর নিকট ডেপুটেশন কর্মসূচি নিয়েছে।
তারই অঙ্গরূপে আজকের এই কর্মসূচি আমরা পালন করছি।"এছাড়াও এই সভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য জয়ন্ত খাটুয়া, অপূর্ব পাল উলুবেড়িয়া লোকাল কমিটির সদস্য প্রদীপ জানাসহ অন্যান্যরা। সেইসঙ্গে কালা কৃষি আইন বাতিলের দাবিতে,ভাড়াবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে সামিল হবার আবেদন জনগণের কাছে রেখেছেন বক্তারা।




