কল্যাণ দত্ত : পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মাধবডিহি থানা এবং মেড ভিউ মেডিক্যাল সার্ভিসের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। মাধবডিহি থানা প্রাঙ্গণে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য শিবিরে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ, প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ও জেনারেল মেডিসিনের ডাক্তারবাবুরা।
একইসঙ্গে রাখা হয়েছিল ব্লাড সুগার টেস্ট এবং ইসিজি করার সুবন্দোবস্ত। শুধু তাই নয় উক্ত স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে গরিব মানুষদের বিনামূল্যে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধপত্র, এমনটাই জানালেন এসডিপিও সদর সাউথ আমিনুল ইসলাম খান। স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে একত্রিত হয়ে পূর্ব বর্ধমান জেলার প্রত্যেকটি থানায় চলবে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। মাধবডিহি থানার পক্ষ এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন রায়না-২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন।
স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিপিও সদর সাউথ আমিনুল ইসলাম খান, সিআই রজত কান্তি পাল, রায়না থানার ওসি পুলক মণ্ডল, মাধবডিহি থানার ওসি সুব্রত বেড়া ও পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক এবং সহ-সভাপতি আনসার আলি খান, উপপ্রধান রামচন্দ্র পাল, রায়না-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ।


