আজ 28 শে সেপ্টেম্বর বিশ্ব "জলাতঙ্ক" দিবস । বিগত বেশ কয়েক দশক ধরে এই দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় গোটা বিশ্বে । মঙ্গলবার স্বেচ্ছাসেবী সংগঠন এমিস (AMIS) ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে অন্ডাল এলাকায় পথ সারমেয়দের দেওয়া হয় আন্টি রেবিস ভ্যাকসিন । উপস্থিত ছিলেন অন্ডাল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস, অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, ডাক্তার সুকান্ত রায় সহ এমিস- এর সদস্যরা । অন্ডাল রেল স্টেশন, পোস্ট অফিস মোড়, দক্ষিণখন্ড, খান্দরা, উখরা এলাকাতেও এদিন প্রায় 200 টি সারমেয়কে আন্টি রেবিস ডোজ দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে ।
সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস জানান রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরের কামড়ের শিকার হন বেশিরভাগ মানুষ । সময়মতো চিকিৎসা ও প্রতিষেধক না নিলে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে । পথ সারমেয়দের আন্টি রেবিস ভ্যাকসিন দেওয়া থাকলে সেই সম্ভাবনা এড়ানো যায় সহজেই । সেই উদ্দেশ্যেই এদিনের কর্মসূচি বলে জানান সুদীপ্ত বাবু ।

