বাগনান উচ্চ বিদ্যালয়ে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
মাল্যদান করেন কমিটির সহ-সভাপতি ডি এম বি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বিজ্ঞান শিক্ষক চণ্ডীচরণ মাইতি মহাশয়।এরপর রেলস্টেশন চত্বরে সংক্ষিপ্ত অনুষ্ঠানের দ্বারা শ্রদ্ধা জানানো হয় কমিটির সদস্যদের পক্ষ থেকে।
এছাড়াও কমিটির উদ্যোগে বিকালে মহামানব বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় খালোড় গোপীমোহন শিক্ষায়তনের সভাগৃহে।এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সারা বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটির বিশিষ্ট সদস্য মাননীয় জীবন দাস মহাশয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি খালোড় গোপীমোহন শিক্ষায়তনের প্রধান শিক্ষক সুনীল কুমার দোলুই মহাশয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কমিটির যুগ্ম সম্পাদক শিক্ষক বিশ্বনাথ বেরা এবং কমিটির অন্যতম সদস্য ডক্টর অনুপ কুমার রাউত মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন ডি এম বি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বিজ্ঞান শিক্ষক প্রশান্ত বেরা ও সরোজ মাইতি সহ কমিটির অন্যান্য সদস্য এবং এলাকার আরও বহু শিক্ষক-শিক্ষানুরাগী মানুষজন ও ছাত্র-ছাত্রীরা।
এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয় সদ্য রাজ্য সরকারের নির্বাচিত অন্যতম 'শিক্ষারত্ন' সন্মান ও পুরস্কার প্রাপক বাগনান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাস্কর চন্দ্র আদক মহাশয়কে। কমিটির পক্ষ থেকে তাঁর হাতে বিশেষ মানপত্র, উত্তরীয় ও উপহার সামগ্রী তুলে দেন কমিটির সভাপতি মহাশয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, শিক্ষক দিবসের দিন শিক্ষাবর্ষের সম্মানে ভূষিত ভাস্করবাবু নিজেও এই কমিটির কার্যকরী সভাপতি। এছাড়াও কমিটির পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় বাগনান থানার অন্তর্গত এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের হাতে। এছাড়াও পুরস্কার তুলে দেওয়া হয় কমিটির উদ্যোগে পূর্বে আয়োজিত বিভিন্ন বিভাগে অঙ্কন প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের হাতে।
বিদ্যাসাগরের জীবনের শিক্ষণীয় নানান ঘটনা আলোচনার পাশাপাশি সারা বছর ধরে করোনা অতিমারীজনিত প্রতিকুল পরিস্থিতির মোকাবিলা করে কমিটির একাধিক উদ্যোগের প্রশংসা করে আজকের মুখ্য আলোচক জীবন বাবু তার বক্তব্যে বলেন যে," আজকের সাংস্কৃতিক অবক্ষয়ের যুগে দাঁড়িয়ে সমাজে বেশি বেশি করে বিদ্যাসাগরের জীবনচর্চার প্রয়োজন হয়ে পড়েছে।তা উপলব্ধি করেই আপনারা এগিয়ে এসেছেন।
সেই সাথে আজকের ছাত্র যুব সমাজকে রক্ষা করতে আপনাদের আরও উদ্যোগ গ্রহণ করতে হবে বিদ্যাসাগরের চরিত্রকে প্রত্যেক ছাত্র ছাত্রীদের বুকে গেঁথে দেওয়ার জন্য।মহামানব বিদ্যাসাগরের চরিত্রের গৌরবের যে বিশেষ গুণ অর্থাৎ তাঁর 'অজেয় পৌরুষ,অক্ষয় মনুষ্যত্ব',তার থেকে শিক্ষা নিয়েই আপনারা যে বন্যা কবলিত এলাকায় দুঃস্থ পরিবারের ছাত্র-ছাত্রীদের পাশে থেকেছেন ও সারা বছর ধরে নানা কর্মসূচি করেছেন তা আপনারা নিশ্চয়ই রক্ষা করতে পারবেন।"
এই অনুষ্ঠানে বিদ্যাসাগরের ওপর রচিত একাধিক সামাজিক গান পরিবেশন করেন শিক্ষিকা কেতকী দাস,বর্ষা মানিক সহ একাধিক ছাত্রীরাও। এছাড়াও আবৃত্তি ও বাঁশী পরিবেশন করেন ছাত্র-ছাত্রীরা। বিদ্যাসাগরের জীবনের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শনী করেন কমিটির সদস্য অধ্যাপক অনুপ কুমার রাউত মহাশয়।গান, আবৃত্তি, পুরস্কার বিতরণ, সংবর্ধনা ও আলোচনার মাধ্যমে মুখরিত এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের দ্বারা বাগনানের এই কমিটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করে।
অপরদিকে হাওড়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শ্যামপুরের রাজীবপুর অগ্ৰনী পাঠাগারের সেমিনার হলে বিদ্যাসাগরের জীবনী নিয়ে পোষ্টার প্রদর্শনী শুরু হয়, চলবে আগামী ৫ই অক্টোবর পর্যন্ত,
এই পোষ্টার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক সিরাজ মোল্লা, শ্যামপুর 2নং ব্লকের বিডিও ফারজানা খানম,হাওড়া জেলা পরিষদের সদস্য পরাগ রঞ্জন মন্ডল,রাজীবপুর অগ্ৰনী পাঠাগারের সম্পাদক সুব্রত সাঁতরা,গ্ৰন্থাগারিক শ্বাশ্বত পাড়ুই,সহ আরো অনেকে,
পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জন্মজয়ন্তী উপলক্ষে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সূর্যোদয় - এর পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে
নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগর মহাশয়ের ভূমিকা- বিষয়ক বক্তব্য, নাচ, গান, আবৃত্তি এবং অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ছত্রপতি শিবাজি প্রাথমিক বিদ্যালয়ে।





