*১লা সেপ্টেম্বর,ঘোড়াঘাটা, হাওড়া:-*
১৯৫৯ এবং ১৯৬৬ সালের খাদ্য আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে আজ হাওড়া জেলার ঘোড়াঘাটা বাজারে শহীদ দিবস পালন করল বামপন্থী ছাত্র সংগঠন এ আই ডি এস ও'র হাওড়া গ্রামীণ জেলা কমিটি।
ছাত্র শহীদ বেদীতে মাল্যদান করে ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য স্বপন জানা ,জেলা সম্পাদক সেখ মহঃ মাসুদ, সভাপতি কল্যাণ চক্রবর্তী, সহ-সভাপতি সেখ আজহারউদ্দিন সহ অন্যান্যরা। ছাত্র শহীদ দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে স্বপন জানা বলেন যে, ১৯৫৯ সালের ৩১ আগস্ট খাদ্য আন্দোলনে না খেতে পাওয়া মানুষের মিছিলে তৎকালীন কংগ্রেস সরকার নৃশংস অত্যাচার করে লাঠি গুলি টিয়ারগ্যাস চালায়।এর ফলে শতশত কৃষক শহীদের মৃত্যু বরণ করেন।
বাংলার ছাত্র যুব সমাজ স্বাধীন দেশে এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে ঠিক পরের দিনই অর্থাৎ ১৯৫৯ সালের ১লা সেপ্টেম্বর কলকাতার রাজপথে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মিছিল করেন।সেই মিছিলেও পুলিশ ছাত্রদের উপর গুলি চালায়।এর ফলে আটজন ছাত্র শহীদের মৃত্যু বরণ করেন ও শতশত ছাত্র আহত হন।
সেই দিন থেকেই ১লা সেপ্টেম্বর সারাদেশের সংগ্রামী ছাত্র সমাজ ছাত্র শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। তিনি আরো বলেন যে,আজকের দিনে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শিক্ষার ওপর নামিয়ে আনা আক্রমণের বিরুদ্ধে এই ছাত্র শহীদ দিবসে সেই শহীদ ছাত্রদের যোগ্য উত্তরসূরী হিসেবে আমরা এস ইউ সি আই (সি) দলের বিপ্লবী ছাত্র সংগঠন এ আই ডি এস ও'র কর্মীরা নতুন করে ছাত্র আন্দোলনে অঙ্গীকারবদ্ধ হয়। সেইসঙ্গে ছাত্র শহীদ দিবসে ছাত্র আন্দোলনের অঙ্গীকারে রাজ্য কমিটি প্রেরিত শপথবাক্য পাঠ করেন হাওড়া গ্রামীণ জেলা কমিটির সদস্যা প্রিয়া রায়।
পাশাপাশি অবিলম্বে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ খোলার দাবি নিয়ে এই ছাত্র শহীদ দিবসের অনুষ্ঠানের সাথে স্বাক্ষর সংগ্রহ অভিযান করা হয়। সমস্ত ছাত্র-ছাত্রীদের টিকাকরণের দ্বারা স্কুল কলেজ খোলা, অফলাইন পঠন-পাঠন চালু ও পরিবহনে ছাত্রদের কনসেশনের দাবি সহ ছয় দফা দাবিতে স্বাক্ষর সংগ্রহ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের জেলা নেতৃত্ব।



