রাজ্যের সমস্ত স্কুল-কলেজ খুলতে হবে,পরিবহনে ছাত্র-ছাত্রীদের কনসেশন দিতে হবে এবং সমস্ত ছাত্রের ভ্যাক্সিনেশন দিতে হবে এরকম ছয় দফা দাবিতে হাওড়ার উলুবেড়িয়া শহরে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচী পালন করল ছাত্র সংগঠন এ আই ডি এস ও।
উলুবেড়িয়ার গরুহাটা মোড়ে স্বাক্ষর সংগ্রহ অভিযান ও প্রচার সভার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা কমিটির সম্পাদক সেখ মহঃ মাসুদ ও সভাপতি কল্যাণ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।জেলা সভাপতি কল্যাণ চক্রবর্তী জানিয়েছেন যে," আমাদের ছাত্র সংগঠনের রাজ্য কমিটি আহ্বানে রাজ্যব্যাপী স্বাক্ষর সংগ্রহের এই কর্মসূচি চলছে।তারই অঙ্গরূপে আজ এই কর্মসূচি আমরা পালন করছি।
রাজ্যব্যাপী এই দাবির পক্ষে ছাত্র- শিক্ষক ও অভিভাবকের স্বাক্ষর সম্বলিত দাবি সনদ মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। এই কর্মসূচিতে জনগণের বিপুল সমর্থন প্রমাণ করছে যে, রাজ্যের জনগণ চাই অবিলম্বে ক্লাসরুমভিত্তিক পঠন-পাঠন চালু হোক।"
জনগণের দাবি মেনে নিয়ে রাজ্যসরকার যদি অবিলম্বে ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন সম্পূর্ণ করে স্কুল-কলেজ না চালু করে তবে আন্দোলন আরও তীব্র হবে বলে জানিয়েছে সংগঠনের জেলা নেতৃত্ব।
প্রসঙ্গত উল্লেখ্য যে,রাজ্য সরকার পুজোর পর স্কুল-কলেজ খোলার ঘোষণা করেছে। কিন্তু, বিশেষজ্ঞদের মতে করোনার তৃতীয় ঢেউ যদি ঐসময় আসে তবে আদৌ কি মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত হবে।
সেক্ষেত্রে এখনই যদি স্কুল-কলেজ খোলা না হয় তবে এবছরও ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষার দরজা বন্ধই থেকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে এ আই ডি এস ও'র নেতারা।






