বাগনান থানার অন্তর্গত বাইনান অঞ্চলের এক অসুস্থ গৃহবধূর ওপর রাজ্যের শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের মাঝরাতে পাশবিক নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদ জানিয়ে বাগনানে বিক্ষোভ কর্মসূচি পালন করল এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের বাগনান লোকাল কমিটি। অবিলম্বে এই ঘটনার সঙ্গে যুক্ত তৃণমুলের নেতা সহ সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বাগনান শহরে বিক্ষোভ মিছিলের পরে বাগনান থানায় ডেপুটেশন দেওয়া হয় দলের পক্ষ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য যে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার এই নির্যাতিতার স্বামীর বাড়িতে অনুপস্থিতির সুযোগ নিয়ে বাইনান অঞ্চলের তৃণমুলনেতা স্থানীয় দুষ্কৃতীদের নিয়ে গত ৭ আগস্ট শনিবার মাঝরাতে এই মহিলার উপর পাশবিক নির্যাতন ও গণধর্ষণ করেন বলে অভিযোগ।
নির্যাতিতা এই মহিলা এখন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের হাওড়া গ্রামীণ জেলা কমিটির সম্পাদিকা মিনতি সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিনের বিক্ষোভ থেকে দলের জেলা কমিটির সদস্য কমরেড নিখিল বেরা বক্তব্য রাখতে গিয়ে বলেন যে,বাগনানে যেভাবে শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে অবিলম্বে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক। সেই সঙ্গে নারী নির্যাতন রুখতে এখনই সরকারকে মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ করতে হবে।এই দাবিতে দীর্ঘস্থায়ী আন্দোলনের আহ্বান করা হয়েছে দলের পক্ষ থেকে।