নিজস্ব প্রতিবেদক,
শ্যামপুর,হাওড়া , ইয়াস-দুর্যোগের পর আটচল্লিশ দিনে রূপনারায়ণ দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কিন্তু নদী তীরবর্তী ধূধূর্টি-বৈকুন্ঠপুরের বাঁধভাঙা জলোচ্ছাসের ক্ষত এখনও শুকায় নি। বসতবাড়ি-কৃষিক্ষেত-পুকুর, সঞ্চিত খাদ্যশস্যের সঙ্গে ছাত্র-ছাত্রীদের বই-খাতাও নষ্ট হয়ে গিয়েছিল।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পশ্চিমবঙ্গ -এর উদ্যোগে এই দুর্গত এলাকায় আজ চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। ধূধূর্টি-বৈকুণ্ঠপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পাঠ্য-সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটির বিশিষ্ট সদস্য পীতাম্বর ভক্তা এবং বিশ্বজিৎ সামন্ত।
উপস্থিত ছিলেন নাকোল বৃত্তি পরীক্ষা সেন্টার কমিটির পক্ষে শিক্ষক বাবুলাল বারিক, স্মৃতিনাক্ষ দাস এবং বিশিষ্ট কবি ভগীরথ মণ্ডল। মাস্ক, সাবান এবং শুকনো খাবারের পাশাপাশি খাতা, পেন, ক্লিপবোর্ড, স্কেল, পেনসিল বাক্স ইত্যাদি পঠন সামগ্রী দুর্গত শিশুদের পড়াশোনার সহায়ক হবে।
এ কথা জানান 'প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল' -এর হাওড়া গ্রামীণ জেলা কমিটির সম্পাদক জয়ন্ত খাটুয়া।



