মালদা, ১৮ জুলাই:
ফের মালদায় গুলিবিদ্ধ ব্যবসায়ী। এবার রতুয়ায়। মোটরবাইকে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ পেশায় ট্রাক্টর ব্যবসায়ী লাল মোহাম্মদ। বয়স ৩৭ বছর। বাড়ি রতুয়া থানার কাহালার আশুটোলা এলাকায়। চিকিত্সার জন্য তাঁকে আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় জগন্নাথপুর এলাকা থেকে কাজ সেরে সন্ধে সাতটা নাগাদ বাইকে করে বাড়ি ফিরছিলেন লাল মোহাম্মদ। তার সঙ্গে ছিলেন মহম্মদ আলেক নামে আরও এক ব্যক্তি। পথে জগন্নাথপুর বন এলাকায় দুই অজ্ঞাতপরিচয় দুস্কৃতি বাইকে করে এসে পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। তাঁর ডান পায়ে গুলি লাগে। গুলির শব্দে আশেপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতিরা পালিয়ে যায়।ছিনতাইয়ের উদ্দেশ্যেই হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের।তবে, ওই ব্যবসায়ীর কাছ থেকে কোনও টাকা ছিনতাই করতে পারেনি দুষ্কৃতিরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, দিনকয়েক আগেই ইংরেজবাজার থানার শোভানগর এলাকায় শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে ।
Bite: লাল মহম্মদ, আহত ব্যবসায়ী
