মালদা তথা রাজ্যের যে কোন জেলায় কোনও ঘিঞ্জি এলাকায় আগুন লাগলে তা নিয়ন্ত্রণের জন্য হেলিকপ্টার থেকে জল ছেটানো যায় কিনা তার চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার। সেকথা জানিয়েছেন মালদার ডিভিশনাল ফায়ার অফিসার শিবানন্দ বর্মন। তিনি আরও জানিয়েছেন, জেলায় আরও দুটি ফায়ার স্টেশন নির্মাণেরও চিন্তাভাবনা চলছে। পর্যাপ্ত জমি পাওয়া গেলেই গাজোল ও কালিয়াচকে নতুন ফায়ার স্টেশন নির্মাণ করবে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর। আগুন নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে আরও একাধিক ব্যবস্থা। তবে আগুনে ক্ষয়ক্ষতি এড়াতে তিনি মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। একই আবেদন জানিয়েছেন ব্যবসায়ী এবং প্রোমোটারদের কাছেও।
