শরৎচন্দ্রের সামতাবেড়ের বাড়ি' আজ বিপন্ন হতে চলেছে





বৃষ্টির মধ্যে প্রলয়ঙ্করী বন্যা কিংবা প্রবল ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসে যখন আমাদের জীবন বিপন্ন হয়, তখনই আমাদের নদীবাঁধ সংস্কারের কথা মনে পড়ে যায়। সম্প্রতি 'ইয়াসের' ধাক্কায় সুন্দরবন অঞ্চল অথবা দীঘা সৈকত রক্ষায় সারা পশ্চিমবঙ্গের  প্রশাসন ব্যস্ত।  সেই সময়ে হাওড়া জেলার পাঁচটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানের মধ্যে একটি 'শরৎচন্দ্রের সামতাবেড়ের বাড়ি' আজ বিপন্ন হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য ইতিপূর্বে এই স্থানের নদীবাঁধ  ভেঙ্গে শরৎচন্দ্রের বাড়ির দিকে এগিয়ে আসায় বোল্ডার দিয়ে সংরক্ষন করা হলেও বর্তমানে নদীর জলোচ্ছ্বাসে কোথাও তার ক্ষয় হয়েছে অথবা  আবার ভেঙ্গে ধ্বস দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে- একটি দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক পরিকল্পনার দ্বারা নদীর নাব্যতা বাড়িয়ে এবং বিশেষ পদ্ধতিতে বাঁধ নির্মাণ ছাড়া রূপনারায়ন নদী রক্ষা করা সম্ভব নয়।



 এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হোক তাতে জনগণের আপত্তি নেই, কিন্তু আপাতত শরৎচন্দ্রের বাড়ি রক্ষা করতে এবং ওই এলাকার চাষযোগ্য জমি রক্ষা করতে  অতি দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া দরকার। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে এলাকার বিশিষ্ট জনকে নিয়ে গঠিত "শরৎ জন্মবার্ষিকী কমিটি" যারা দীর্ঘ চল্লিশ বছর ধরে শরৎচন্দ্রের জন্মদিনে সামতাবেড়ের বাড়িতে নিষ্ঠার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করে আসছে। 



ইতিমধ্যে ১৭ই জুন এই কমিটির সদস্যরা এই ভগ্ন নদীবাঁধ পরিদর্শন করেন এবং এলাকার মানুষের মতামত নেন। আগামী দিনে পাকাপোক্ত বাঁধ নির্মানের দাবীতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন বলে শরৎচন্দ্র জন্মবার্ষিকী কমিটির পক্ষ থেকে জানানো হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...