শ্যামপুর-১ ব্লকের শ্রীকোল গ্রামের একাদশ শ্রেণীর পড়ুয়া লিলিমা পারভিন। একদিকে আর্থিক প্রতিবন্ধকতা ও অন্যদিকে সামাজিক প্রতিবন্ধকতা; এই দু'য়ের বেড়াজালকে ছিন্ন করে লিলিমার লড়াই। বাবা মুম্বাইয়ে জরির কাজ করেন। কোনোরকমে সংসার চলে। অভাব-অনটনের মাঝেও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে এই মেধাবী পড়ুয়া। লিলিমার এই অদম্য লড়াইয়ে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিল আমতার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ'। স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে লিলিমার হাতে তুলে দেওয়া হল একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের পাঠ্যবই, খাতা, পেন সহ বিভিন্ন শিক্ষাসামগ্রী।
উল্লেখ্য, শিক্ষায় স্বপ্নপূরণের লক্ষ্যে আমতার স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ' বছরভর গ্রামীণ হাওড়ার লড়াকু মেধাবীদের নিয়ে কাজ করে চলেছে। এবার তারা শ্যামপুরের লিলিমার পাশে দাঁড়াল।