পরীক্ষার ফিস নেওয়া নিয়ে বাঁকুড়া ইউনিভার্সিটি বিরুদ্ধে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের। বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে।
শনিবার গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয় থেকে ৫ কিমি দূরে জাতীয় সড়কের পাশে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলেন একদল ছাত্র-ছাত্রী। তাদের দাবি ছিল কলেজ কর্তৃপক্ষ তাদের কাছ থেকে এনরোলমেন্টের ফিস বাবদ যে টাকা নিয়েছে তা ফেরৎ দিতে হবে। কারন বাঁকুড়া বিশ্ববিদ্যালয় নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে ওই ফিস পরিক্ষার আগে লাগবে না। ঘটনাটি অমরকানন গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়ের । শনিবার এই পড়ুয়ারা বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে অমরকানন আশ্রম মোড়ে অবস্থান করছিলেন। শান্তিপূর্ণ এই অবস্থান বিক্ষোভটি হচ্ছিল অরাজনৈতিক ভাবে স্টুডেন্ট ইউনিটি নাম দিয়ে। ছাত্র-ছাত্রীদের মুখে গরম গরম স্লোগান ছিল আঠারোর ভয় না মানা অভিব্যক্তিতে। সেই সময় আচমকা কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য লাঠি হাতে চড়াও হয় অবস্থানে বসা পড়ুয়াদের উপর। বেধড়ক ঠেঙাতে থাকেন তাদের। সেই ছবি স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । তা দেখে টিএমসিপি আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে বিরোধী সব মহল থেকে ধিক্কার উঠেছে। প্রতিবাদ জানিয়ে রবিবার বাঁকুড়া শহরে বিভিন্ন বিরোধী ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিল বের করে। যদিও তৃণমূল জেলা ছাত্র সংগঠন তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক ছাত্র বলেন, বিক্ষোভ শেষে ফেরার পথে আমাদের পাঁচ ছাত্রকে আক্রমণ করে বেধড়ক মারধর করে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা। পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অন্যদিকে কলেজ সুত্রে জানা গেছে ছাত্র-ছাত্রীদের বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ফিস এখন জমা দিতে পরে তা অ্যাডজাস্ট করা হবে।
এবিষয়ে বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ এর সভাপতি তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে অস্বিকার করে বলেন - আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা কখনোই এধরনের কাজ করতে পারে না । যদি এধরনের ঘটনা সত্য ঘটে থাকে তবে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব ।
