উত্তর দিনাজপুর:-
বাড়ির সামনে তিস্তা ক্যানেল পারে গরু দেখতে গিয়ে ক্যানেলের বাঁধের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে ক্যানেলের জলে তলিয়ে যায় এক ব্যক্তি। অনেক খোঁজাখুঁজি করার পরেও উদ্ধার করা যায়নি ওই ব্যক্তিকে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি অঞ্চলের টুনি খারি গ্রামে । স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালের দিকে টুনি খারি গ্রামের বাসিন্দা আজিজুর রহমান ( ৬০ ) অন্যান্য দিনের মতো এদিনও ক্যানেল পারে নিজের গরু দেখতে যায় । এরপর ক্যানেলের বাঁধের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে ক্যানেলের জলে তলিয়ে যায়। খবর পেয়ে গ্রামের লোকজন এসে খোঁজাখুঁজি করেও তার দেহ উদ্ধার করতে না পেরে দুশ্চিন্তায় পড়েন।
এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডুবুরীর ব্যবস্থা করেন। সন্ধ্যা পর্যন্ত ডুবুরি ওই এলাকার তিস্তার জলে খোঁজ অব্যাহত রাখলেও ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়নি। তিস্তা ক্যানেলে গ্রামের ওই ব্যক্তি তলিয়ে যাওয়ায় শোকের ছায়া টুনি খারি এলাকায়। ক্যানেলের দুই পাশে ডুবুরি দেখতে প্রচুর মানুষের ভিড় জমে।

