হাওড়ার শ্যামপুর লাগোয়া পূর্ব মেদিনীপুর জেলার মায়াচর এলাকার বহু এলাকা ইয়াস ঝড় ও ভরা কোটালের ফলে পুরোপুরি বিপর্যস্ত হয়ে গেছে। বহু স্বেচ্ছাসেবী সংস্থা, সংগঠন মায়াচরে ত্রাণ নিলে এলেও এই এলাকার পশ্চিম প্রান্তের বাসিন্দাগণ তুলনামূলক ভাবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছিলেন। এমন সময়েই ঐ এলাকার বিপন্ন মানুষদের সাধ্যমত সাহায্যের জন্য এগিয়ে এলো মোহনবাগান ক্লাবের দুই ফ্যান্স ক্লাব, উলুবেড়িয়া মেরিনার্স ও বাগনান আমতার মোহনবাগান ফরএভার।
আজ এই দুই ফ্যান্স ক্লাবের উদ্যোগে পশ্চিম মায়াচরের ২০০টি পরিবারের হাতে নানান নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, শিশুদের জন্য শিশু খাদ্য, পুরাতন পোশাক তুলে দেওয়া হয়।
মোহনবাগান ফরএভার ফ্যান্স ক্লাবের সৈকত পোড়ে আমাদের জানান, "মানুষের এই বিপদে দাঁড়াতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আমরা আমাদের এই উদ্যোগে ভালো সাড়া পেয়েছি।"
উলুবেড়িয়া মেরিনার্সের পক্ষ থেকে অরিন্দম বন্দ্যোপাধ্যায় জানান, "আমরা অনেক সদস্যের পাশাপাশি বহু শুভানুধ্যায়ীদের সহযোগিতা পেয়েছি, যা আমাদের আগামী দিনের প্রেরণা হয়ে থাকবে এমন উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে।"
উলুবেড়িয়া মেরিনার্সের সম্পাদক রায়নদেব হালদার বলেন, "আমরা পাঁচটি তালের বীজ ও বেশ কিছু খেজুরের বীজ বাঁধের উল্টো দিকে ফেলেছি। পরিচর্চা ছাড়াই গাছ গুলি মাথা তুলে দাঁড়াতে পারলে ভবিষ্যতে ভালো হবে।"

