তৃণমূলের সহযোগিতায় ঘরে ফিরল বিজেপি সমর্থক চল্লিশ-টি পরিবার



সংবাদদাতা, লাউদোহা : 

শুক্রবার লাউদোহার গোগলা পঞ্চায়েতের মাধাইপুর এলাকায় ঘরে ফিরল চল্লিশটি বিজেপি সমর্থক পরিবার । মিষ্টিমুখ করিয়ে তাদের ঘরে ফেরাল তৃণমূল নেতারা ।
রাজ্যে ভোট পরবর্তী হিংসার কারণে ঘরছাড়া বিরোধী দলের বহু কর্মী সমর্থক । বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নেতৃত্ব । রাজ্যের কোথাও সন্ত্রাস নেই বলে পাল্টা দাবি তৃনমূলের । বিষয়টি নিয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ তাদের । রাজনৈতিক এই চাপান-উতোর এর মাঝেই শুক্রবার লাউদোহার গোগলা পঞ্চায়েতের  মাধাইপুর এলাকায় তৃণমূল নেতৃত্বের সহযোগিতায় ঘরে ফিরল বিজেপি সমর্থক চল্লিশ-টি পরিবার । এদিন মাধাইপুর কোলিয়ারি চত্বরে তৃণমূল কার্যালয়ে ঘরে ফেরা বিজেপি সমর্থকদের মিষ্টি খাইয়ে তাদের বাড়ি পৌঁছে দেন তৃণমূল নেতাকর্মীরা । তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, তৃণমূল নেতা কাঞ্চন দাস, দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় সহ অন্যরা । সুজিত বাবু জানান ২-মে ফল প্রকাশের দিন ভয় পেয়ে পরিবারগুলি এলাকাছাড়া হয় । বিষয়টি আমাদের জানা ছিল না । পরে ঘরছাড়াদের পক্ষে বিজেপি নেতা শ্রীরাম সিং আমাদের সাথে ফোন মারফত যোগাযোগ করে ঘরে ফেরানোর আর্জি জানান । বিষয়টি আমরা এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করি । বিধায়ক তাদের ঘরে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন । সেই নির্দেশ মেনে এদিন আমরা তাদের ঘরে ফিরিয়ে দিলাম বলে জানান সুজিত বাবু । অন্যদিকে এদিন ঘরে ফেরা  বিজেপি নেতা শ্রীরাম সিং বলেন আমাদের উপর কোন আক্রমণ হয়নি । ভয় পেয়েই নিজেরা অন্যত্র গিয়েছিলাম । স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘরে ফেরার জন্য আমাদের সাথে সমস্ত রকম সহযোগিতা করেছেন । ভোটের সময় বিজেপিতে যোগ দেওয়া টা ভুল হয়েছিল বলেও শ্রীরামবাবু স্বীকার করেন এদিন । এদিনের বিষয়টি নিয়ে বিজেপি দলের পক্ষে কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...