হাওড়া জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দীর অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম সনাতন দাস(32)। মৃতের স্ত্রীর অভিযোগ তার স্বামীকে জেলের মধ্যে পিটিয়ে মারা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ এবং প্রশাসন।
2019 সালের সেপ্টেম্বর মাসে ডোমজুড় থানার পুলিশ নারকটিক এন্ড ড্রাগ সাবস্টেন্স আইনে গ্রেপ্তার করে অন্দুল মহিয়ারি বাসিন্দা সনাতন দাসকে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। গ্রেপ্তারের পর প্রায় কুড়ি মাস তিনি হাওড়া জেলে বন্দী। গতকাল সকালে সনাতন দাসের স্ত্রী খবর পায় তাকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর পেয়ে তার স্ত্রী কুসুম দাস হাসপাতালে ছুটে আসেন। তিনি দেখেন তার স্বামী মারা গেছে। এরপরই তিনি পুলিশ এবং প্রশাসনের দ্বারস্থ হন। হাওড়া জেলা শাসককে তার আইনজীবী মেইল করে লিখিত অভিযোগ দায়ের করে। কুসুম দাসের অভিযোগ তার স্বামীকে পিটিয়ে মারা হয়েছে। গতকাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার স্বামী দেহের ভিডিওগ্রাফি হয়। হাওড়া জেলের সুপার দেবাশীষ মন্ডল জানান নিয়ম মেনে দেহের পোস্টমর্টেম এর পাশাপাশি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
