দূর্গতদের সাহায‍্যার্থে "স্বপ্নে দেখার উজান গাঙ"




ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা কোটালের জাঁতাকলে বিধ্বস্ত গ্রামীণ হাওড়ার শ্যামপুর সংলগ্ন পূর্ব মেদিনীপুরের মায়াচর। আদপে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্ভুক্ত হলেও মায়াচর মেদিনীপুরের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মায়াচরের এখনো একটা বড়ো অংশ হাঁটু সমান জলের তলায়। বহু মানুষ আশ্রয়হীন। কেউ নিজের বাড়ি এমনকি নিজের পোশাকটুকুও হারিয়েছেন। চারিদিক জুড়ে হাহাকার আর নিস্তব্ধতার চিত্র। 



অভিযোগ, বিচ্ছিন্ন চর হওয়ায় সেভাবে প্রশাসনিক সাহায্য মেলেনি। এলাকার বেশিরভাগ মানুষই কার্যত অভুক্ত অবস্থায় জীবনযাপন করছেন। এমনকি পানীয় জলের টিউবওয়েলগুলি ডুবে যাওয়ায় প্রবল জলকষ্ট দেখা দিয়েছে রূপনারায়ণ তীরবর্তী মায়াচরে। এহেন সংকটময় পরিস্থিতিতে মায়াচরের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াল হাওড়া জেলার আমতার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ' ও সারা ভারত ডাক কর্মচারী সংগঠন (হাওড়া জেলা শাখা)।




 অভুক্ত মানুষকে রান্না করা খাবার পৌঁছে দিতে শনিবার থেকে দু'ই সংগঠনের সমবেত উদ্যোগে মায়াচরে কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। জানা গেছে, আগামী আট-দশদিন চলবে এই কিচেন। প্রতিদিন দু'শো মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হবে। 



পাশাপাশি, জলের সমস্যা দূর করতে প্রতিদিন প্রায় চার হাজার লিটার করে পানীয় জল আনার ব্যবস্থা করা হয়েছে এই দু'ই সংগঠনের তরফে। পাশাপাশি, মহিলাদের স্যানিটারি ন্যাপকিনও তুলে দেওয়া হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...