উলুবেড়িয়া, হাওড়া:
আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ হঠাৎই একটি বাজ পাখি আহত হয়ে উড়ে এসে পড়ে উলুবেড়িয়ার দক্ষিণ গঙ্গারামপুরের একটি বাড়িতে। ঐ বাড়ির সদস্য অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা করার পরেই পাড়ার ক্লাব শক্তি সংঘে খবর দেন। তিনি জানান, "ঘুড়ির মাঞ্জায় আহত হয়ে পাখিটি আমাদের বাড়ির পাশের নারকেল গাছে আটকে ছিল, আমাদের বাড়িতে কাজ হচ্ছিল, তখন রাজমিস্ত্রী রাধে দা সেটি উদ্ধার করে"।
এরপর শক্তি সংঘের সদস্যরা এসে স্থানীয় বন দফতরে যোগাযোগ করেন এবং তারা পাখিটিকে ক্লাবে নিয়ে যান। শক্তি সংঘ ক্লাবে রায়নদেব ছাড়াও সৌম্যদীপ, জীবনদীপ সহ অনেকেই পাখিটিকে সেবা করতে থাকেন যতক্ষণ না বন দফতরের কর্মী আসেন। শেষে বন দফতরের কর্মীরা এলে তাদের হাতে পাখিটি তুলে দেওয়া হয়। শক্তি সংঘের সদস্য রায়নদেব হালদার জানান, "পাখিটিকে গড়চুমুকে নিয়ে সুস্থ করে প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া হবে।" তিনি সকলকে মানবিক আবেদন করেন যে, বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর সময় চিনা বা লাইলন মাঞ্জা দেওয়া সুতো ব্যবহার যাতে না করা হয়। নাহলে এমন দুর্ঘটনা আরো হবে।
