নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
ভাষা আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থাকার জন্য স্বেচ্ছাসেবী সংস্থা সংকল্প টুডের পক্ষ থেকে বঙ্গ রত্নশ্রী গৌরব সম্মান ২০২১ প্রদান করা হল বিশিষ্ট শিক্ষক গৌতম প্রসাদ চক্রবর্তীকে। সামাজিক কাজের নানা উদাহরণ তাঁর জীবন আঙিনায় উজ্জ্বল । তাই তাঁকে এই স্বীকৃতি প্রদান করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে । মাতৃভাষা দিবসের দিন হাওড়ার ডুমুড়জলা স্টেডিয়ামের কাছে তাঁতি পাড়ায় তাঁর নিজস্ব বাড়িতে গিয়ে তাঁকে সংকল্প টুডের স্বেচ্ছাসেবকরা গিয়ে এই সম্মান তুলে দেন। এ সম্পর্কে সংকল্প টুডের কার্যকারি সভাপতি প্রফেসার ডক্টর অমিত ব্যানার্জি জানান, ১৯৫১-৫২ সালে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা আন্দোলোনের সূচনা হয়েছিল । এই আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন । তাঁদের সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর এই আন্দোলনের সঙ্গে যুক্ত যাঁরা ছিলেন তাঁদের সম্মানিত করা হয়। বিগত সাত বছর ধরে এই সম্মান প্রদান করা হচ্ছে । এবছর হাওড়ার কেদারনাথ ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক গৌতম প্রসাদ চক্রবর্তীকে এই সম্মান প্রদান করা হল। এই অনুষ্ঠানে তাঁর কাছ থেকে ভাষা আন্দোলনের অনেক অভিজ্ঞতা সঞ্চয় করা গেল বলে জানান অমিতবাবু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রফেসর ডক্টর সি পি ভার্মা, মহেন্দ্র সিংহানিয়া, কনভেনার প্রণব কুমার ব্যানার্জি, শিক্ষক অনুপম ভট্টাচার্য, প্রফেসর কৃষ্ণেন্দু ঘোষ , সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য প্রমুখ । অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের সেক্রেটারি মহম্মদ ইমতিয়াজ ভারতীয়া ও সংগঠনের যুব সদস্য চিকিৎসক রাজেশ কুমার রজক।
