মুশারফ গাজী,বাগনান,
আগামীকাল থেকে শুরু হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের লোকাল ট্রেনের সার্ভিস । রোজ খেটে খাওয়া মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন । অভূতপূর্ব দীর্ঘ দিনের লোকাল ট্রেনের এই বিরতি কাটিয়ে রেল স্টেশনগুলো আবার সচল হয়ে উঠবে নিত্যযাত্রীদের উপস্থিতিতে । দক্ষিণ পূর্ব রেলের অন্যতম ব্যস্ত স্টেশন বাগনানে এই মুহূর্তে জন নিয়ন্ত্রণ করে ট্রেন চলাচল ব্যবস্থার প্রস্তুতি সম্পন্ন হয়েছে । একটি মাত্র গেট খোলা রেখে ঘিরে দেওয়া হয়েছে স্টেশনে ঢোকার অন্যান্য পথগুলো । স্টেশন সূত্রে জানানো হয় পর্যাপ্ত রেল পুলিশ ও সিভিক পুলিশের ব্যবস্থা থাকবে ।
করোনার প্রকোপ এখনও কমেনি সেদিকে লক্ষ্য রেখেই স্টেশন গুলোতে এবং ট্রেনের ভিতরে শারীরিক বজায় রাখার কথা বলা হয়েছে । রেলের তরফে মাস্ক ছাড়া স্টেশনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে । এ ব্যাপারে নজরদারির জন্য পর্যাপ্ত লোকবল নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে ।
