সেখ ওলি মহম্মদ, সিউড়ি, বীরভূম
দিন যত অতিবাহিত হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। তাই
রাজ্য সরকারের ঘোষিত সপ্তাহে দু'দিন লক ডাউনের পাশাপাশি বীরভূম জেলার ৬ টি পৌরসভায়
আগামী ২৪ শে জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত বৈকাল তিনটে থেকে পরদিন সকাল ৬ টা পর্যন্ত লক ডাউন ঘোষণা করল বীরভূম জেলা প্রশাসন। আজ করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক হল বীরভূম জেলা পরিষদের সভাকক্ষে।
এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, জেলা শাসক মৌমিতা গোদারা, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বৈঠক শেষে জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ জানান, রাজ্য সরকারের ঘোষিত দুদিন লক ডাউন বীরভূম জেলায় কড়াভাবে পালনে উদ্যোগী প্রশাসন। এছাড়াও আগামী ২৪ শে জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত বীরভূম জেলার ৬ টি পৌরসভা এলাকায় যেমন সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, বোলপুর ও দুবরাজপুরে বৈকাল তিনটে থেকে পরদিন সকাল ৬ টা পর্যন্ত থাকবে লক ডাউন।
এমার্জেন্সি পরিষেবা ছাড়া সম্পূর্ণ ভাবে কড়াকড়ি লক ডাউন পালন করা হবে।

