সেখ ওলি মহম্মদ, সাঁইথিয়া, বীরভূম :
বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা সাথে সাথে বাড়ছে আতঙ্ক, এর মাঝে ঘটে গেছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ।
এই অবস্থায় সব সময় সাধারণ মানুষকে সতর্ক করছে সরকার এবং এগিয়ে এসেছে প্রশাসন। দিন দুয়েক আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা আশা কর্মীদের নিয়ে একটি সচেতনতা শিবির করেন। সেখানে তাদের হাতে প্রয়োজনীয় সামগ্রী, মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেওয়া হয়।
আজ সাঁইথিয়া বিধানসভার এক অনুষ্ঠান ভবনে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে আবারও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিন ৮০ জন অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে তুলে দেওয়া হয় মাক্স, স্যানিটাইজার এবং কিছু খাদ্য সামগ্রী। আগামী দিনে কিভাবে করোনা পরিস্থিতিতে কাজ করতে হবে এই নিয়ে আলোচনা করা হয়। বিধায়ক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সাঁইথিয়া পৌরসভার প্রশাসক বিপ্লব দত্ত, সিডিপিও শিলাদিত্য বাকচী, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ সাহা, সাধন দাস ও অঙ্গনওয়াড়ি কর্মীরা।

