রুপম দাস,উলুবেড়িয়া:
বিয়ের পরের দিনই করোনা সংক্রমণ ধরা পরায় উলুবেরিয়া সঞ্জীবনী হাসপাতালে ভর্তি করা হয়েছিল হাওড়ার কোনার বাসিন্দা সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়কে।কয়েকদিন আগেই করোনা মুক্ত হন তিনি। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ সুপ্রিয়র নব বিবাহিতা স্ত্রী হুগলির মশাটের বাসিন্দা পিয়ালীকে হাসপাতালে এনে পুনরায় মালাবদল অনুষ্ঠানের আয়োজন করেন।উল্লেখ্য সুপ্রিয় হাওড়া দাসনগর থানার সিভিক ভলেন্টিয়ার। গত ২৯ মে তাঁর করোনা টেস্ট করা হয়। ২ জুন দাসনগরের বালিটিকুরিতে একটি ম্যারেজ হলে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর সুপ্রিয় নববিবাহিতা স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরে। পরের দিন ৩ জুন সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তর থেকে সুপ্রিয়কে জানানো হয় যে তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তারপরেই ওই রাতেই সুপ্রিয়কে ফুলেশ্বরের সঞ্জীবন কোভিড হাসপাতালে ভর্তি করা হয়।কয়েকদিন আগেই সুপ্রিয় করোনা মুক্ত হন। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ পিয়ালীকে হাসপাতালে এনে তাঁকে নিজেরাই মালা-চন্দন, বেনারসি পরিয়ে নববধূর বেশে সাজিয়ে দেন। তারপর পুরোহিত ডেকে বিয়ের মতো করে পুনরায় মালাবদল অনুষ্ঠান উদযাপন করেন।উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ডাঃ নির্মল মাজি, হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর ডাঃ শুভাশিস মিত্র, ডঃ ডালিয়া মিত্র ও দাসনগর থানার ওসি অরূপ রায়চৌধুরী প্রমুখ।নব দম্পতিকে আশির্বাদ করলেন মন্ত্রী ও চিকিৎসকেরা।দুজনেরই মুখে মাস্ক ও ফেস গার্ড ব্যবহার করা হয়।
