মহঃ নুর হোসেন জমাদার,
চোখের কোনা দিয়ে একনাগাড়ে গড়িয়ে পড়ছে জল | অচল তাদের দেহ, কোনোক্রমে পা টেনে টেনে ফেলেছে | এদের অনেকেই চারদিন পাঁচ দিন ধরে কিছু খাইনি |
চাতক পাখির ন্যায় কেবল সামনের অদৃশ্য পথের দিকে তাকাচ্ছে | আর কত শত মাইল হাঁটতে হবে আর কতদিন হাঁটতে পারবো | খাদ্য তো কাছে নেই, জলও নেই | কটা বিস্কুটের প্যাকেট নিয়ে বের হয়েছিলাম সে কবে শেষ হয়ে গেছে |
একি!, আপনাদের যে পায়ের পাতা থেকে রক্ত বেরোচ্ছে | ভ্রুক্ষেপ নেই প্রশ্নের দিকে | তারা সজল নয়নে কেবল বলে, আর কতদিন পরে গ্রামে পৌঁছাবো | হ্যাঁ, আমি আমার দেশের শ্রমিক মজুর মুটে কুলিদের কথা বলছি | যারা জীবনের তাগিদে বছরের বিভিন্ন সময়ে পাড়ি দেয় এ রাজ্য থেকেও রাজ্যে |
এদের উপার্জন ও অতি সামান্য | তার ওপর একান্নবর্তী পরিবারের দায়িত্ব আছে অনেকের উপর | সরকার হঠাৎ লকডাউন ঘোষণা করার ফলে এই ভিন রাজ্যে থাকা শ্রমিকরা আর বাড়ি ফিরতে পারেনি |
তার ওপর কর্ম নেই, উপার্জন নেই এবং খাওয়ার ও থাকার পয়সা নেই |
অবশেষে তারা বাধ্য হল পায়ে হেঁটে এই ভীষণ পথ পাড়ি দিতে | এতো এক-আধ দিনের রাস্তা নয় | তাদের মধ্যে কেউ পনেরো দিন বা কুড়ি দিন ধরে পথ চলছে | তাদের মধ্যে কেউ বারোশো কেউ পনেরশো কেউবা দুই হাজার মাইল পথ পাড়ি দিচ্ছে |
এদের মধ্যে কেউ কেউ আবার চড়া দামে সাইকেল কিনে তার ভরসায় যাত্রা পথ পাড়ি দিচ্ছে | অনেকে ট্রাকে করে বা তেলের গাড়িতে করে অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ফিরছে নিজেদের বাড়ির পথে |
আসতে আসতে পথের মাঝেই অনেকে নিজের জীবনের অন্তিম নিঃশ্বাস ত্যাগ করছে | বিগত কয়েকদিন ধরে সরকার দূরপাল্লার ট্রেনে করে তাদেরকে ঘরে ফেরার ব্যবস্থা করলেও, হয়তো সেটা তাদের জন্য যথেষ্ট পরিষেবা হচ্ছে না |
আমাদের সমাজের বুদ্ধিজীবীদের বৃহৎ অংশের জোরালো দাবী যে সরকার যদি আমাদের দেশের মানুষরা
যারা অন্য দেশে ছিল তাদেরকে ফিরিয়ে আনতে পারে, তবে দেশের অভ্যন্তরের শ্রমিকদের প্রতি সরকার এত উদাসীন কেন? |
কিন্তু যারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছে তাদের আজ খুব সামান্য দাবি, তারা কেবল বলছে আমরা অনেকদিন ধরে কিছু খাইনি আর আমরা নিজের পরিবারের কাছে ফিরতে চাই |


