অরিত্র ঘোষ, বীরভূম
জেলা জুড়ে চলছে লকডাউন, স্তব্ধ বাজার হাট, শুনশান জনমানব হীন রাস্তা ঘাট। এরকমই এক পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাহায্য করতে আজ থেকে বীরভূম জেলায় চালু হলো 'পুলিশ বন্ধু' প্রকল্প।
রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে উল্লিখিত বিষয়ে একটি বৈঠক করে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দোপাধ্যায়, বীরভূম জেলা শাসক মৌমিতা গোদারা, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, সাংসদ অসিত মাল, রামপুরহাট মহকুমা শাসক শ্বেতা আগরওয়াল, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ সহ জেলা প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিরা।
বৈঠক এর শেষে জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানান-' এই প্রকল্প টি কেবলমাত্র বীরভূম জেলার মানুষের জন্যই চালু করা হচ্ছে, যাদের ছেলে, মেয়ে বাইরে থাকেন, যাদের বাইরে যাবার উপায় নেই, যারা অসহায় , যারা অসুস্থ তাদের জন্যই মূলত এই ব্যবস্থা।
তাদের খাবার, ওষুধ পত্র ইত্যাদির প্রয়োজন হলে কন্ট্রোল রুমের নাম্বারে ফোন করে জানাবেন। প্রত্যেক থানায় ৪ জন করে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এই পুলিশবন্ধু প্রকল্পের জন্য।
ফোন করলেই তারা বাইক নিয়ে পৌঁছে যাবেন তাদের বাড়িতে এবং প্রয়োজনীয় সামগ্রী এনে দেবেন।" বীরভূম জেলা পুলিশের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।



