মালদা,
বিশ্ব করোনা ভাইরাসের মোকাবেলায় জেলা প্রশাসনের উদ্যোগে স্যানিটাইজার তৈরীর প্রস্তুতি প্রক্রিয়া খতিয়ে দেখলেন জেলাশাসক রাজর্ষি মিত্র।
শনিবার দুপুরে ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের চকবন্দি গ্রামের স্যানিটাইজার তৈরীর প্রক্রিয়াকরণ খতিয়ে দেখেন জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক অশোক কুমার মোদক ও অর্ণব চট্টোপাধ্যায়, সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো সহ প্রশাসনের পদস্থ কর্তারা ।
আনন্দধারা প্রকল্পের মাধ্যমে স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের যুদ্ধকালীন তৎপরতায় চলছে তৈরীর কাজ। প্রায় ২৫০০লিটার প্রথম পর্যায়ে তৈরি করা হবে। পরবর্তীতে আরও বেশি মাত্রায় তৈরীর কাজ করা হবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে , আপাতত ৫০০ এমএল এর বোতলবন্দী স্যানিটাইজার পুরসভা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে সরবরাহ করা হবে।
যেসব সরকারি কর্মীরা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে সেই সব দপ্তরে আপাতত এগুলো বিলি করা হবে । পাশাপাশি সাধারণ মানুষের জন্য ২০০ এমএলের বোতল প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন বুঝে এই স্যানিটাইজার বিভিন্ন ওষুধের দোকানে দেওয়া হবে যার ন্যায্যমূল্য হিসেবে সাধারণ মানুষরা চল্লিশ টাকার বিনিময়ে পাবেন।

