অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন রোগীরা।
বিশেষ করে গর্ভবতী মায়েরা। বাড়িতেই প্রসব করতে হচ্ছে তাঁদের।
অন্যদিকে অ্যাম্বুলেন্স না মেলায় রোগীকে চ্যাংদোলা করে নিয়ে যেতে হচ্ছে কোনও কোনও ক্ষেত্রে।
আবার রোগীর ছুটি হয়ে গেলেও বাড়ি নিয়ে যেতে পারছেন না আত্মীয়রা।
এমনই রোগী-দুর্গোগের চিত্র দেখা গেল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে।
সারা রাজ্যের সঙ্গে চাঁচল অ্যাম্বুলেন্স ইউনিয়নও এদিন পরিষেবা বন্ধ রাখে।
ফলে বিপাকে পড়তে হয়েছে রোগী ও তাঁদের পরিজনদের।
রোগীর ছুটির হয়ে গেলেও নিয়ে যেতে পারছিলেন না আসরাফ শেখ। তিনি জানান,‘একটাও অ্যাম্বুলেন্স নেই।
আবার গাড়ি ভাড়া করতে গেলে খুশি মতো ভাড়া চাইছে চালকেরা। তাই রোগীর ছুটি হয়ে গেলেও নিয়ে যেতে পারছি না।
কী করবো বুঝতে পারছি না।’ এক আশাকর্মী মনিষারা বিবি বলেন,‘অ্যাম্বুলেন্সের অভাবে হোস ডেলিভারি হয়ে যাচ্ছে।
এই অবস্থায় কিছু করার নেই। মায়েদের খুব সমস্যায় পড়তে হচ্ছে।
বাড়িতে জন্ম দেওয়ার ফলে শিশুর অবস্থা সঙ্কটজনক হয়ে যাচ্ছে।
দ্রুত পরিষেবা চালু না করলে খুব মুশকিল হয়ে যাবে।’
