এনআরসি বিরোধী আন্দোলন শুরু হয়েছে মালদা জুড়ে। এই উপলক্ষ্যে মানুষকে সচেতন করতে ব্লকে ব্লকে শুরু হয়েছে বাইক র্যালি।
আর এই র্যালি নিয়েই উঠেছে অভিযোগ। বাইকারোহী তৃণমূল কর্মীদের কারোর মাথায় নেই হেলমেট।
পথ নিরাপত্তার ওপর জোর দিতে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ নিয়ে জেলা জুড়ে পুলিশ প্রশাসন জোর প্রচার চালাচ্ছে।
সেখানে শাসক দলই সেই আইন ভাঙা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও এ ব্যাপারে তৃণমূলের কোনও নেতা মুখ খুলতে চান নি।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সমগ্র জেলাব্যাপী বিভিন্ন ব্লকে ব্লকে বাইক র্যালি তথা রিলে রেস করা হচ্ছে। যার প্রধান লক্ষ্য বিজেপির কালাকানুন এনআরসির বিরোধিতা করা এবং এই আইনের দ্বারা বিজেপি সরকার যে মানুষে মানুষে ভেদাভেদ ও সাম্প্রদায়িকতার বীজ বপন করে সকলের মাঝে দূরত্বের প্রাচীর গড়ে তুলতে চাইছে সেই বার্তা সকলের নিকট পৌঁছে দেওয়া।
আজ মালদা জেলার কোতোয়ালি থেকে অমৃতি এবং অমৃতি থেকে মিলকি স্ট্যান্ড অবধি এক বিশাল র্যালির মাধ্যমে এনআরসি নামক কালাকানুন এর বিরোধিতা করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় গৌর চন্দ্র মন্ডল, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম নুর, ইংরেজবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ মন্ডল, জেলা পরিষদের সদস্যা অর্চনা মন্ডল, মানিকচক ব্লকের যুব সভাপতি বিশ্বজিত মন্ডল-সহ অন্য নেতারা।
গৌর চন্দ্র মন্ডল জানান তৃণমূল সরকার সর্বদা এনআরসি আইনের বিরোধিতা করছে এবং করবেও।’ তিনি আরো জানান, গত ৯ তারিখ থেকে শুরু করে আগামী ১১ তারিখ পর্যন্ত মালদা জেলার বিভিন্ন ব্লকে ব্লকে এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হবে এবং এর মাধ্যমে এক বিশাল জনজাগরণ গড়ে তোলা হবে।
আগামী ১২ তারিখ জেলা সভানেত্রী মৌসম নুর এর নেতৃত্বে একটি বৃহত্তর আন্দোলন এবং এনআরসির বিরোধিতা করে এক সুবিশাল জনজাগরণ আন্দোলন গড়ে তোলা হবে সমগ্র মালদা জেলা ব্যাপি।
