অনিয়মিত রেশনের দোকান খোলার প্রতিবাদ জানিয়ে ডিলারের দোকান ভাঙচুর করলো ক্ষিপ্ত জনতা।
রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে রতুয়া থানার মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের সম্বলপুর গ্রামে।
ক্ষিপ্ত জনতা রেশন ডিলার স্বপনকুমার পাঠককে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে বলেও অভিযোগ।
লুঠ করা হয় রেশন দোকানের চাল, গম সহ বিভিন্ন সামগ্রী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের সামনেই গ্রামবাসীরা ওই ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে।
গ্রামবাসীদের অভিযোগ , দীর্ঘ ছয় থেকে সাত মাস ধরে রেশন দোকানের সরকারি খাদ্য সামগ্রী এবং কেরোসিন তেল সঠিক নিয়ম মেনে বিলি করছেন না ওই রেশন ডিলার।
এমনকি গরিব মানুষদের সরকারি খাদ্য সামগ্রী বিলি বন্টনের কারচুপি করা হচ্ছে। এনিয়ে বেশ কয়েকবার প্রতিবাদ জানানো হয়েছিল।
কিন্তু ওই রেশন ডিলার তার এই বেআইনী কাজ বন্ধ করেনি । তাই এদিন প্রতিবাদ জানাতেই ওই রেশন ডিলারের দোকানে যায় গ্রামবাসীরা। স্বপনকুমার পাঠকের বাড়ি সংলগ্ন রয়েছে রেশন দোকানটি।
রবিবার দোকান বন্ধ থাকলেও রেশন ডিলারকে বাড়ি থেকে ডেকে প্রতিবাদ দেখান গ্রামবাসীরা। আর তার পরেই হঠাৎ বিক্ষোভের মধ্যেই একাংশ ক্ষিপ্ত জনতা ওই রেশন দোকান ভাঙচুর করে লুটপাট চালায় বলে অভিযোগ।
এই ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করে নি পুলিশ।
যদিও ওই রেশন ডিলার স্বপনকুমার পাঠকের বক্তব্য যেসব অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে তা ভিত্তিহীন।
নিয়ম করে সরকারি রেশন দোকান খোলা থাকে এলাকারই কেউ কেউ ষড়যন্ত্র করে এদিন এই হামলার ঘটনাটি ঘটিয়েছে বলে তার অভিযোগ।
পুলিশ জানিয়েছে, নির্দিষ্টভাবে কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।
লিখিত অভিযোগ দায়ের হলে পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

