জেলার শিল্পীরা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জেলার কোথাও সেরকমভাবে চিত্র কিংবা ভাস্কর্য শিল্প প্রদর্শনী হয় না।
তার জন্য যেতে হয় কলকাতা কিংবা অন্য কোনও রাজ্যে। এজেলার শিল্পীরা মিলে উন্মুক্ত আর্ট হাট-এর আয়োজন করেছেন।
১০০ শিল্পীকে এক ছাদের তলায় আনা হয়েছে। শুধু এ জেলা নয়, বাইরের জেলা থেকেও শিল্পীরা অংশ নিয়েছেন।
এদিন উদ্বোধনে এসে জেলার শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন প্রখ্যাত চিত্রশিল্পী পৃথ্বীশ সিকদার। তিনি বলেন,‘প্রশংসনীয় উদ্যোগ।
গ্যালারিগুলিতে এখন মানুষ সেরকম যেতে চান না। সেখানে হয়ত মুষ্টিমেয় কয়েকজন শিল্পী থাকে।
কিন্তু এই উন্মুক্ত আর্ট হাটে অনেকেই এসে ভিড় জমাচ্ছেন। জেলার মানুষ একসঙ্গে এত শিল্পীর কাজ দেখতে পাচ্ছেন। যা অভাবনীয়।
’ মালদা সর্বজয়ী ক্লাব-এর উদ্যোগে এবং ক্রিয়েটিভ ব্রাশ-এর ব্যবস্থাপনায় এই বিশাল হাটের আয়োজন। এদিন তার সূচনা হয়ে গেল।
চলবে ৩ দিন ধরে। পৃথ্বীশবাবু ছাড়া হাজির ছিলেন বঙ্গরত্ন ড: রাধাগোবিন্দ ঘোষ, শক্তিপদ পাত্র, ইংরেজবাজার পুরসভার উপ পুরপ্রধান দুলাল সরকার, কাউন্সিলর শুভদ্বীপ সান্যাল প্রমুখ।
এদিন বঙ্গরত্ন শক্তিপদ পাত্র বলেন,‘সৌন্দর্য শুধু চোখ থাকলেই দেখা যায় না।
কেউ কেউ সেই দেখার চোখ খুলে দেন। তাঁরাই শিল্পী। একজন শিল্পী জন্ম থেকেই শিল্পী হন না। তিনি বিভিন্ন সাধানা ও অনুশীলনের মাধ্যমে শিল্পী হয়ে ওঠেন।’
জানা গেছে, প্রায় ৮০টি স্টল করা হয়েছে। রয়েছে পেন্টিং, অ্যাক্রেলিক, জলরং, প্যাস্টেল, পেন্সিল স্কেচ, চারকোল গ্লাস পেন্টিং, পট শিল্প-সহ বিভিন্ন হাতের কাজে সম্ভার।
আয়োজক সংস্থার এক সদস্য আশিস সরকার জানান,‘আমরা গত বছর ৫৭ জন শিল্পীকে নিয়ে এই হাটের আয়োজন করি।
সে-বার ব্যাপক সাড়া পাওয়া যায়। এবার ১০০জন শিল্পী স্বত:স্ফূর্তভাবে এসেছেন।
আমাদের হাটের পরিধি দিনকে-দিন বাড়ছে। সব শিল্পীকে এক ছাদের তলায় আনতে পেরে আমরা ধন্য।’

