মালদাঃ
অন্য ব্যক্তির সঙ্গে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় এক যুবককে খুন করার অভিযোগ উঠল স্ত্রী, শাশুড়ি সহ ভাড়াটে কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনা মালদা থানার লক্ষ্মী কলোনি এলাকায়। বুধবার সকালে রাজকুমার মন্ডল (২৮) নামে ওই যুবকের ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করে লক্ষ্মী কলোনিতে থাকা তার শ্বশুর বাড়ির কাছাকাছি একটি আম বাগান থেকে।
রাজকুমারের পরিবারের অভিযোগ, তাকে মারধোর করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি ও তিন জোড়া ছেলেদের জুতো উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তরা পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা থানার সদরঘাট মহানন্দা কলোনির বাসিন্দা রাজকুমার মন্ডলের সঙ্গে বছর আটেক আগে বিয়ে হয় এক কিলোমিটার দূরে থাকা লক্ষ্মী কলোনির বাসিন্দা গঙ্গা মন্ডলের সঙ্গে।
তাদের দুটি সন্তানও রয়েছে। রাজকুমারের দাদা অচিন্ত্য মন্ডল বলেন, কয়েক মাস আগে রাজকুমার জানতে পারে যে তার স্ত্রীর সঙ্গে লক্ষ্মী কলোনীর অন্য এক যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এ কথা বাড়িতে জানায়।
এই ঘটনার পর থেকে রাজকুমার স্ত্রী-সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতেই থাকত। এদিন সকালে লোকজন মারফত খবর পাই যে ভাইয়ের মৃতদেহ শ্বশুর বাড়ির কাছাকাছি একটি আমবাগানের ঝুলছে।
ঝুলন্ত দেহটি হাঁটু মোড়া অবস্থায় মাটিতে লাগানো রয়েছে। অচিন্ত্যর অভিযোগ , ভাই তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করেছিলেন।
সেজন্যই স্ত্রী, শাশুড়ি লোকজন ভাড়া করে ভাইকে প্রহার করে ও পরে ফাঁসিতে ঝুলিয়ে দেয় ।
তিনি বলেন, আমরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
পুলিশ সুপার অলক রাজোরিয়া বলেন, এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। অভিযুক্তরা পলাতক।
