মালদা-
জুলাই পরপর নৌকাডুবির ঘটনায় শিক্ষা নিতে চলেছে জেলা প্রশাসক। নৌকা যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নৌকায় লাইফ জ্যাকেট ও ভাসমান টিউব রাখা নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
পাশাপাশি জেলার ফেরিঘাটগুলিতে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
এখন থেকে আর ফেরিঘাটগুলিতে রাতে নৌকো ফেরি করা চলবে না।
প্রাকৃতিক দুর্যোগের সময় নৌকা চালানো বন্ধ রাখতে হবে। অতিমাত্রায় যাত্রীভার বহন করা আর চলবে না। গাজোল ব্লকে সাধারণত দুটি ঘাটে নৌকা পারাপার হয়ে থাকে।
একটি রামনগর মহারাজপুর ঘাট এবং অন্যটি চাতরঘাট। শুক্রবার দুটি ঘাটেই প্রশাসনের উদ্যোগে লাইফ জ্যাকেট এবং ভাসমান টিউব বিলি করা হয়।
জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে এই সামগ্রীগুলি বিলি করা হয়।
জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, কিছু অসাবধানতার কারণে নৌকাডুবি ঘটনা ঘটেছে। সেসব ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আমাদের সচেতন হতে হবে।
জেলা পরিষদের তত্ত্বাবধানে জেলায় যে সমস্ত ঘাট রয়েছে, সেখানে পরবর্তীকালে যাতে এরকম মর্মান্তিক ঘটনা না ঘটে এবং মৃত্যুর ঘটনা এড়াতে নৌকাগুলিতে লাইফ জ্যাকেট এবং ভাসমান টিউব রাখাটা জরুরি করা হয়েছে।
জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, নৌকা করে যারা যাত্রী পারাপার করেন তাদের পাশাপাশি জনসাধারণকেও এ বিষয়ে সচেতন হতে হবে।
প্রতিটি ঘাটে যে আদেশনামা জারি করা হয়েছে সেগুলি মেনে চলা উচিত। তাহলে এরকম ঘটনা এড়ানো সম্ভব।

