মালদাঃ
ফের চোর সন্দেহে গণপিটুনি মালদায়। এবার খোদ জেলা সদর ইংরেজবাজার শহরে। শনিবার গভীর রাতে চোর সন্দেহে গণপিটুনিতে আক্রান্ত হলেন দুই যুবক৷
তাদের বাড়ি কালিয়াচকের সুজাপুরে৷ আক্রান্তদের অভিযোগ, শনিবার গভীর রাতে পিরোজপুর মহিলা কলেজের সামনের এক গলির ভেতর দিয়ে তারা যাচ্ছিলেন।
সেসময় স্থানীয় বাসিন্দারা তাঁদের চোর সন্দেহে আটক করে মারধর করতে থাকে৷ গণপিটুনিতে জ্ঞান হারিয়ে ফেললে কিছু মানুষ তাঁদের উদ্ধার করে কাছেই থাকা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করেন৷
খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ হাসপাতালে যায়। পুলিশ জানিয়েছে, আক্রান্ত দুই যুবকের নাম হাইয়ুল শেখ (২২) ও সালাম শেখ (২০)৷ দুজনেরই বাড়ি সুজাপুরের ডাঙা এলাকায়।
বছরখানেক আগে একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছিল মালদা জেলার বিভিন্ন এলাকায়।
হবিবপুরের বুলবুলচণ্ডিতে গণপিটুনিতে এক যুবক মারাও যায়। সেসময় পুলিশ ও প্রশাসনের তরফে ব্যাপক সচেতনতা প্রচারে ধীরে ধীরে গণপিটুনির ঘটনা কমতে শুরু করে।
কিন্তু এবারে খোদ ইংরেজবাজার শহরের জনবহুল এলাকা পিরোজপুরে চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটায় উদ্বেগ ছড়িয়েছে। আক্রান্ত সালাম শেখের অভিযোগ, শনিবার রাতে তিনি ও হাইয়ুল হাসপাতালের পেছন দিক দিয়ে পিরোজপুর এলাক দিয়ে যাচ্ছিলেন।
সেসময় মহিলা কলেজের পাশের এক গলিতে স্থানীয় বাসিন্দারা তাদের চোর সন্দেহে গণপিটুনি দেয়। কিছু মানুষ পরে তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানিয়েছে, ওই দুই যুবকের চিকিৎসা চলছে হাসপাতালে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

