মালদাঃ
বিয়ে বাড়িতে এসে মহানন্দার ক্যানেলে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। রবিবার দুপুরে এ ঘটনা দেবীপুরের দুর্গাপুরে। ওই শিশুর সঙ্গে আরও দুই শিশুও ছিল।
তারা অবশ্য বেঁচে গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত শিশুটির নাম মহম্মদ রমজান (১২)।
তার বাড়ি বিহারে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক আত্মীয়ের বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করতে মায়ের সঙ্গে দুর্গাপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে এসেছিল রমজান।
আরও দুজন শিশুর সঙ্গে সে ওই আত্মীয়ের বাড়ির পাশে থাকা মহানন্দা নদীর একটি ক্যানেলে স্নান করতে যায়।
সেসময় তিন শিশুই জলে পরে যায়। স্থানীয়রা বাকি দুজনকে সঙ্গে সঙ্গে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারলেও রমজান ডুবে যায়।
পরে এনডিআরএফের সদস্যরা এসে স্পিড বোট নিয়ে প্রায় দু'ঘন্টা তল্লাশি চালানোর পর রমজানের মৃতদেহ উদ্ধার করে।
