উঃ দিনাজপুর।
প্লাস্টিক নামক অসুরকে আমরা বধ করবো।পরিবেশ কে রক্ষা করে সবুজকে বরণ করবো।আসুন উৎসবের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে দিই সব মানুষের কাছে।
পঞ্চমীর রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর আশ্রম পাড়ার দিশারী আয়োজিত দূর্গোৎসবের উদ্বোধনী পর্বে এসে এমনই বলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরী।
তিনি বলেন, বিশ্ব জুড়ে পালিত হচ্ছে এই উৎসব। যেখানে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত ধর্মের মানুষ,বর্ণের মানুষ অংশগ্রহণ করে। এরই মাধ্যমে আমাদের সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট থাকে।
এদিন মিন্টু বিশ্বাস নামে এক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির হাতে রাখা প্রদীপ প্রজ্জ্বলন করেন তিনি। ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের কানাইলাল আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এরপর যৌথভাবে তারা ফিতা কেটে দেবীবরণ অনুষ্ঠানের সূচনা করেন ।এদিন এই পঞ্চমী সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ছিল যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা ।
সেখানেই ইসলামপুর কালচারাল সোসাইটির ব্যবস্থাপনায় এবং সঙ্গীতশিল্পী সঞ্জীব বাগচীর নির্দেশনায় মহিষাসুরমর্দিনী শীর্ষক একটি কর্মসূচিও ছিল বেশ নান্দনিক।
এরপর কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী পৌঁছান ইসলামপুর পুরাতন বাসস্ট্যান্ডে দেশবন্ধু ক্লাবে। পুজোর উদ্বোধন করে সেখান থেকে চলে আসেন ব্লক পাড়া নেতাজি পল্লী সার্বজনীন দুর্গোৎসব এর উদ্বোধন করতে।
সেখানেও একই রকম বার্তা তুলে ধরেন সকলের কাছে। পুজোতে দীর্ঘক্ষন অংশ নেন মন্ত্রী দেবশ্রী চৌধুরী। পাশাপাশি এদিন ইসলামপুর আদর্শ পুজোর উদ্বোধন এ ছিল নতুন চমক।
উদ্বোধনী অনুষ্ঠানে চোপড়ার কলাগাছের একটি বৃদ্ধাশ্রমের আবাসিকরা অংশ নিয়েছিলেন ।
ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী এবং পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
সব মিলিয়ে পঞ্চমীর রাতে বেশ কয়েকটি ক্লাবের উদ্বোধন পর্ব ছিল বেশ জমজমাট।

