মালদাঃ
মালদার বাংলাদেশ সীমান্ত গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ষাঁড়দহ মিস্ত্রিপাড়া গ্রামে দুটি বাড়িতে অভিযান চালিয়ে বেআইনিভাবে মজুত রাখা ২০০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করল পুলিশ। ওই ঘটনায় দুই বাড়ি থেকে দুজনকে গ্রেফতারও করা হয়।
জেলা পুলিশের ক্রাইম মনিটরিং গ্রুপ ও গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে কাফ সিরাপ সহ দুজনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ধৃত দুজনের নাম তরিকুল শেখ, রহিম শেখ। দু'জনের বাড়ি ষাঁড়দহ মিস্ত্রিপাড়া গ্রামে এবং তারা প্রতিবেশী।
তরিকুলের বাড়ি থেকে ১৩০০ বোতল ও রহিমের বাড়ি থেকে ৭০০ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়।
জেলা পুলিশের দাবি, ওই কাফ সিরাপ পাশেই থাকা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হত।
তার আগেই সেগুলি উদ্ধার করা হল। পুলিশ সুপার অলক রাজোরিয়া বলেন, এই ঘটনায় সুনির্দিষ্ট একটি মামলা রুজু করা হয়েছে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই কারবারে তাদের সঙ্গে আরও কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।

