মালদা, ১১ অক্টোবর :
বারবার পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই আইন নিজের হাতে তুলে নিয়ে বেআইনি মদের ঠেক ভাঙলো প্রমীলা বাহিনী।
ঘটনা ইংরেজবাজার থানার কাজিগ্রাম অঞ্চলের ৫২ বিঘার।
শুক্রবার সকালে শতাধিক মহিলা ঝাটা, লাঠি নিয়ে এলাকার বেআইনি প্রায় ১২টি মদের ঠেক ভাঙচুর করে প্রমীলা বাহিনী বলে অভিযোগ।
এলাকাবাসীর অভিযোগ, দিনের-পর-দিন বেআইনি মদের ঠেকে বহিরাগতদের আনাগোনা বেড়ে চলেছে। বাড়ির পুরুষরাও মদের নেশায় আসক্ত হয়ে পড়ছে।
এর ফলে সংসারে চরম অশান্তি শুরু হয়। রোজগারের সমস্ত টাকা মদেই উড়িয়ে দিচ্ছে স্বামীরা। পুলিশকে বারবার জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ।
তাই শুক্রবার এলাকার মহিলারা ঝাটা, লাঠি হাতে নিয়ে এলাকার বেআইনি মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দেয়।
মহিলাদের আন্দোলনের আঁচ পেয়ে মদের ঠেক ছেড়ে পালিয়ে যায় বিক্রেতারা।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


