মালদা, ০৩ অক্টোবর :
জেলা বণিকসভার লাগাতার আন্দোলনের ফলে অবশেষে পুজোর মুখে খোলা হল ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস।
পুজোর মুখে বাইপাস চালু হওয়াতে স্বস্তি জেলা বাসীর। বৃহস্পতিবার সকাল থেকে চালু হয় বাইপাস। এর ফলে যানজট কমে যায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।
বাইপাস খুলে দেওয়ার জন্য জেলা প্রশাসন ও ৩৪ নম্বর জাতীয় সড়ক প্রকল্পের আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু।
তিনি বলেন, বারবার জেলা বণিকসভার পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছিল বাইপাস খুলে দেওয়ার জন্য।অবশেষে পূজার মুখে বাইপাস খুলে দেওয়ায় তারা ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসনকে।
তিনি বলেন পুজোর সময় বহু মানুষের সমাগম হবে মালদা শহরে। বাইপাস খুলে দেওয়ায় চাপ কমবে ৩৪ নম্বর জাতীয় সড়কে। এতে উপকৃত হবে জেলার মানুষ ও ব্যবসায়ীরা। প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক মহল।
তৃণমূল কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি জানিয়েছেন, বণিক সভা এবং বিভিন্ন রাজনৈতিক দল বাইপাস খোলার দাবি তুলেছিলেন।
বারবার ডেপুটেশন এবং বৈঠক হয় বাইপাস খোলা নিয়ে। অবশেষে বাইপাস চালু হাওয়াই তারাও খুশি।
পুজোর মুখে বাইপাস চালু হওয়াতে ট্রাফিক অনেকটাই নিয়ন্ত্রণ হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া।

