নন্দ দুলাল দাস ।
সীমাহীন বঞ্চনা ও বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে রাস্তায় নেমে গণআন্দোলনের পাশাপাশি এবার আইনি লড়াইয়েও শামিল হতে চলেছেন রাজ্যের হাজার হাজার শিক্ষা বন্ধুরা।
ইতিপূর্বে মাননীয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নির্দেশকে অগ্রাহ্য করেছেন রাজ্য সরকার।
তাই এবার কোমর বেঁধে নামছেন তাঁরা।
এই আইনি লড়াইয়ে শিক্ষাবন্ধুদের পাশে দাঁড়িয়েছেন মহামান্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী অশোক গাঙ্গুলি এবং মানবাধিকার সংগঠন এপিডিআর এর পক্ষে প্রখ্যাত আইনজীবী মাননীয় শ্রী রঘুনাথ চক্রবর্তী মহাশয়।
পুজোর ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফাইল হতে চলেছে শিক্ষা বন্ধুদের সেই কাঙ্খিত মামলা।
এখন চলছে তার পূর্ব প্রস্তুতি অর্থাৎ সমস্ত প্রস্তুতিপর্ব সেরে রাখা হচ্ছে যাতে পুজোর ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কালবিলম্ব না করে মামলা দায়ের করা যায়।
পাশাপাশি রাস্তায় নেমে গণ-আন্দোলনও জারি থাকবে। আগামী 7 ও 8 নভেম্বর 2019 কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে দুদিন ধরে চলবে অনশন অবস্থান।
অবস্থান মঞ্চে প্রথম দিন উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
দ্বিতীয় দিন অনশন মঞ্চে উপস্থিত হবেন পশ্চিমবাংলার বাঘা বাঘা বুদ্ধিজীবীগণ।
এই প্রথম শিক্ষা বন্ধুদের অনশন মঞ্চে উপস্থিত হতে চলেছেন বাংলা ছাপিয়ে ভারতবর্ষের সমস্ত বিশিষ্ট জন।
এছাড়াও উপস্থিত থাকবেন দিল্লির নেহেরু বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্র-ছাত্রীগণ।






