ভারতীয় নবজাগরণের অন্যতম পথিকৃৎ, মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উদযাপন উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয় 15 ই সেপ্টেম্বর, রবিবার, দুইল্যা কোলেপাড়ায় 'পথের দাবী ট্রাস্টে'র 'শংকর রায় চৌধুরী স্মৃতি ভবনে'।
এই সভায় বিশিষ্ট দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক বি আর প্রধান, সাংবাদিক দিগেন্দ্রনাথ পল্যে, শিক্ষানুরাগী গোবিন্দ ঘোষাল, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সারাবাংলা বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট গল্পকার, মাননীয় পরেশ বেরা মহাশয়।
সভা শুরু হয় বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী পীযূষ ভদ্রের স্বরচিত একটি কবিতা পাঠের মধ্য দিয়ে।
মাননীয় পরেশ বেরা তাঁর নাতিদীর্ঘ বক্তব্যে মহান মানবতাবাদী বিদ্যাসাগরের জীবনচর্চার মূল প্রয়োজনীয়তা কী, এবং কীভাবে তা সম্ভব সে বিষয়ে ব্যাখ্যা করেন।
তিনি বলেন, বিদ্যাসাগরের হৃদয়ের যন্ত্রণা অনুভব না করলে বিদ্যাসাগরের চর্চা বা আজকের প্রজন্মের কাছে বিদ্যাসাগরকে নিয়ে যাওয়া, যা একান্তই দরকার, সেটা ঠিকমতো হওয়া সম্ভব নয়, তার মধ্যে ফাঁকি থেকে যাবে।
বিদ্যাসাগরের জীবনের বেশ কিছু অত্যন্ত সহজ-সরল মামুলি ঘটনা উল্লেখ করে, বিদ্যাসাগরের হৃদয়ের যন্ত্রণার প্রকৃতিকে বোঝার এবং বোঝাবার চেষ্টা করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মাননীয় চিরঞ্জীব মান্না, দিগেন্দ্রনাথ পল্যে, গোবিন্দ ঘোষাল, আশিস দাস প্রমূখ।
সভার সভাপতি অধ্যাপক বি আর প্রধান বিদ্যাসাগর চর্চার প্রাসঙ্গিকতা উল্লেখ ক'রে, আগামী এক বছর ধরে কীভাবে বিদ্যাসাগর চর্চার কর্মসূচী নেওয়া যায় সে বিষয়ে বিশেষ প্রস্তাব দেন।
সভার শেষে, অধ্যাপক বি আর প্রধান-কে সভাপতি এবং শিক্ষক দেবাশিস কর্মকার ও শিক্ষক তপন জানাকে যুগ্ম সম্পাদক করে, "বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি, আন্দুল মৌড়ী" গঠন করা হয়। সমগ্র সভাটি সঞ্চালনা করেন তাপস বেরা।
এই কমিটির পক্ষ থেকে সমস্ত স্কুল কলেজ ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি সাধারণের কাছে আহ্বান জানানো হয়, যাতে আগামী এক বছর ধরে বিদ্যাসাগরের জীবন চর্চা, আলোচনা সভা, প্রবন্ধ, ক্যুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানান সাংস্কৃতিক কর্মসূচী এবং গরীব দুঃস্থ ছাত্রছাত্রীদের ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, ফ্রি মেডিকেল ক্যাম্প, ইত্যাদি নানান সামাজিক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আগামী 26 শে সেপ্টেম্বর, 2019, বৃহস্পতিবার, বিদ্যাসাগরের দ্বিশত জন্মদিবস'কে উপলক্ষ করে আন্দুল স্টেশনে সকাল 8 টায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


