কন্যা ভ্রুণ হত্যা বন্ধ নিয়ে সচেতনতার বার্তা দিতে পুরাতন মালদহের নবাগত ক্লাব সর্বজনীন পুজো কমিটির এবারের থিম 'মা আমাদের আলো দেখাও।'
৪৮ তম পুজোয় এই থিমকে বাস্তবায়িত করতে এখন জোর কদমে চলছে প্রস্তুতি। হাতে সময় খুবই কম। তাই দিনরাত এক করে মন্ডপ সজ্জার কারিগরেরা তাদের নিপুন হাতে থিমের কারুকাজ করে চলেছেন।
গত কয়েক বছর ধরেই নানা থিমের পুজো করে মালদহ জেলাবাসীর নজর কাড়ছে পুরাতন মালদহ শহরের নবাগত ক্লাব সর্বজনীন দুর্গাপুজো কমিটি। স্বীকৃতি হিসেবে গতবছর এই পুজো কমিটি বিশ্ব বাংলা শারদ সম্মান পেয়েছিল। এছাড়াও স্থানীয়ভাবে নানা পুরস্কার তাদের ঝুলিতে এসেছিল।
এবারেও জেলাবাসীকে চমক দিতে তাদের থিম মা আমায় আলো দেখাও। উদ্যোক্তারাই জানালেন, পুরস্কার বড় কথা নয়, তাঁদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে সচেতনতা করাই অন্যতম লক্ষ্য।
সেই লক্ষ্যকে সামনে রেখেই গত কয়েক বছর ধরে থিম পূজার মাধ্যমে সচেতনতার বার্তা তারা দিয়ে আসছেন। তাদের কথায়, কন্যা ভ্রুণ হত্যা হলে কন্যারত্ন দিনে দিনে কমে আসবে।
কন্যা ভ্রুণ হত্যা একটি সামাজিক অপরাধ। কিন্তু এসব জানা সত্ত্বেও এখনও মানুষ অবলীলায় কন্যা ভ্রুণ হত্যা করে চলেছে। এর বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন হয়ে গর্জে উঠতে হবে। জানাতে হবে প্রতিবাদ।
এই সত্বাকে সামনে রেখেই কন্যা ভ্রুণ হত্যা রুখতে সচেতনতামূলক নানা প্রতিচ্ছবি তুলে ধরা হবে এবারের পুজো মন্ডপে। জানা গিয়েছে, মণ্ডপ তৈরি হচ্ছে টায়ার, টিউব, টিন, বাঁশ, টুপি, মালা, পাট কাঠি, তীরের মত নানা উপকরণে।
এ ছাড়া কন্যা ভ্রূণ ওকে বোঝাতে প্লাস্টার অফ প্যারিস ও কাঁচ দিয়ে সজ্জিত একটি গোলক তৈরি করা হবে। দর্শনার্থীরা এসে সেই গোলক দেখেই বুঝতে পারবেন কন্যা ভ্রুণ হত্যা সংক্রান্ত বিষয়টি। তবে থিম পুজো হলেও মায়ের প্রতিমা কিন্তু এখানে সাবেকি। এই পুজো কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, প্রতিবছর নতুন ভাবনা নিয়ে আমরা মণ্ডপসজ্জা মানুষের কাছে উপস্থাপিত করি।
এবারে আমরা কন্যা ভ্রুণ হত্যার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে পুজোর থিম করেছি মা আমাদের আলো দেখান। আশা করছি জেলাবাসীর কাছে আমরা এই বার্তা মন্ডপ সজ্জা এর মাধ্যমে পৌছে দিতে পারব। পুজো কমিটির অন্যতম সদস্য মান্তু ঘোষ বলেন, প্রায় তিন মাস আগেই আমরা ক্লাবের সদস্যরা মিলে কন্যা ভ্রুণ হত্যা রুখতে মা আমায় আলো দেখাও থিমের ব্যাপারে চিন্তা ভাবনা করি।
আশা করছি আমরা এই সচেতনতা বার্তাটি মানুষের কাছে পৌঁছে দিতে পারব। তাতেই আমাদের সার্থকতা।


