সুজিত কুমার দাস,প্রতিবেদক।
মুর্শিদাবাদ।
মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের অন্তর্গত বন্যেশ্বর গ্ৰাম পঞ্চায়েতের তাঁতিবিড়োল গ্ৰামে বাস করে অসহায় দরিদ্র বিধবা বুলবুলি দাসের পরিবার। মাটির দালান ও উপরে খড়ের চালা দেওয়া ঘরে তিন ছেলে, ছেলের বউ ও এক মেয়ে নিয়ে তার সংসার।
গত ১৪ জুলাই থেকে তাদের ঘরের মেঝে স্যাঁতসেঁতে হয়ে যায়।
তারপর জলে ভিজে যায়। ক্রমশঃ ঐ জল বাড়তে থাকে। বাড়ীর সব ঘরে প্রচুর জল উঠতে থাকে।
ঘরে গর্ত হয়ে যায়। সেই গর্ত গভীর থেকে গভীর হতে শুরু করে।
পরিবারটি আরো অসহায় হয়ে পড়ে। গ্ৰামসভার সদস্যা পারভিন বিবি, গ্ৰামপ্রধান এনামুল হক ও সাগরদিঘি বি ডি ও প্রমুখ কে বিষয়টি জানালে তারা কোন ব্যবস্থা নেয় না।
বুলবুলি দাসের মেয়ে মনখুশী দাসের কাছ থেকে জানা গিয়েছে যে, পঞ্চায়েত ও বি ডি ও অফিসে তারা সাহায্য চাইতে গেলে জানায় এ ব্যাপারে সরকার কোনো আর্থিক সহায়তা প্রদান করতে পারবেনা।
এই ধরনের ঘটনায় সরকারের কোনো স্কিম নেই। বন্যা হলে আর্থিক সহায়তা প্রদান করা যেতো।
তবে অনেকেই বলছেন যে, এটাও তো একটি প্রাকৃতিক বিপর্যয়।
তবে কেন এই দরিদ্র অসহায় পরিবারটি আর্থিক সহায়তা পাবে না ? বুলবুলি দাসের পরিবারের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে।
এই অবস্থায় বাড়ীতে তারা কিভাবে বাস করবে ? কোথায় যাবে ? গ্ৰাম সদস্যা, গ্ৰামপ্রধান ও বি ডি ও কেউই এই ঘটনা শোনার পর একবারের জন্যও সরেজমিনে দেখতেও আসে নি।
সবাই বলাবলি করছে পঞ্চায়েত অফিস এবং বি ডি ও অফিস থেকে একবার অন্তত বিষয়টি দেখে যাওয়া উচিত ছিল।
চোখের জল ফেলে বুলবুলি দাসের পরিবার ভীষণ কষ্ট করে দিন কাটাচ্ছেন মাটির তলা থেকে জল উঠে গর্ত করে দেওয়া ঐ বাড়ীতে।



