মালদা,,
আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন৷ তাঁর জন্মদিনকে সামনে রেখে রাজ্য বিজেপির পক্ষ থেকে সেবা দিবস উদ্যাপন করা হচ্ছে৷
এই সেবা দিবস উদ্যাপনে যোগ দিতে মালদায় আসেন বিজেপির রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার৷
উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, হবিবপুরের বিধায়ক জয়েল মুর্মু, বিজেপির জেলা সভাপতি গোবিন্দ মণ্ডল, জেলা বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরি সহ জেলার বিজেপি কর্মীরা৷
এদিন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে ফল বিতরণ করে পুরো হাসপাতাল চত্বরে সাফাই অভিযান চালানো হয়৷
মালদা মেডিকেলে বিজেপির রাজ্য সহ সভাপতি বলেন, এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজিকে জেলে ঢোকানোর কথা বলেছিলেন, এখন তাঁরই শরণাপন্ন হচ্ছেন তিনি৷ কেন তা সকলের জানা৷
রাজীব কুমারকে সিবিআই গ্রেফতার করলে একাধিক তথ্য সামনে আসবে সেই ভয়েই অস্থির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
এনআরসি তাঁর মুখে শোভা পায় না৷ তিনি নিজেই ২০০৫ সালে পার্লামেন্টে এই দাবি তুলেছিলেন৷
অথচ এখন তিনি রাস্তায় নেমে মানুষকে ভুল বোঝাচ্ছেন৷
পশ্চিমবঙ্গের পুরোনো হিন্দু কিংবা মুসলমানের ভয় পাওয়ার প্রয়োজন নেই৷ যাঁরা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে ভয় তাদের পাওয়া উচিত৷
